পেস আক্রমণে ‘মধুর সমস্যা’ প্রসঙ্গে যা বললেন বাংলাদেশ অধিনায়ক
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ

বাংলাদেশের পেস আক্রমণ এখন অন্যতম শক্তিশালী অবস্থায়। চোটে নাহিদ রানা নেই, তাতেও দলে তেমন কোন পরিবর্তন ঘটেনি। এই পেস বিভাগ নিয়ে আশাবাদী নাজমুল হোসেন শান্ত। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে নামার আগে পেস ইউনিট নিয়ে সন্তুষ্টির কথা বলেছেন টাইগার অধিনায়ক।
দুই টেস্টের সিরিজে প্রথমটিতে মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বুধবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নামবে বাংলাদেশ। খেলা শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০টায়। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই সিরিজ। ম্যাচের আগেরদিন সংবাদ সম্মেলনে বোলিং আক্রমণ বলেছেন শান্ত।
‘একটা ভালো বিষয় পেস বোলারদের ক্ষেত্রে যেটা, মধুর সমস্যা। এটা আসলে বলতে চাই না, কারণ পেস বোলাররা জানে কে কখন খেলবে। তারা খুবই পরিষ্কার কোন কন্ডিশনে কখন কে খেলবে, আর খুব ভালো জিনিস যে তারা প্রত্যেক সিরিজের জন্য প্রস্তুত থাকে। তারা খুব ভালো অবস্থানে থাকে সবসময়। এটা একটা ভালো ব্যাপার, যেকোনো সময় যেকোনো কাউকে ম্যাচের জন্য নিতে পারি।’
ব্যাটিং ইউনিট নিয়ে বাংলাদেশ অধিনায়ক বলেছেন, ‘যখন মিডেল অর্ডারে অভিজ্ঞ ব্যাটার ব্যাটিং করছে, অনেক বছর ধরে খেলছে, অবশ্যই এটা ভালো লাগার বিষয়। অধিনায়ক হিসেবে মনে হয় এই দিকে অবশ্যই স্বস্তির একটা জায়গা। কারণ অভিজ্ঞ ব্যাটার থাকলে তারা তাদের খেলাটা জানে, তাদের রোলটা আরও ভালোভাবে পালন করতে পারে। তাই অবশ্যই এটা একটা ভালো বিষয় আমাদের জন্য।’



