হার এড়াতে পারলেই নিশ্চিত হবে রিয়াল মাদ্রিদের ৩৫তম লা লিগা শিরোপা— এমন সমীকরণের ম্যাচে এস্পাইনলকে গোলবন্যায় ভাসাল মাদ্রিদের জায়ান্টরা। কার্লো আনচেলত্তি পেল ইউরোপের শীর্ষ পাঁচ লিগের সবকটিতে চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ।
শনিবার সান্তিয়াগো বার্নাব্যুতে ৪-০ গোলে জিতেছে স্প্যানিশ জায়ান্টরা। প্রথমার্ধে জোড়া গোল করেছেন রদ্রিগো। দ্বিতীয়ার্ধে ব্যবধান জালের দেখা পেয়েছেন মার্কো আসেনসিও ও করিম বেনজেমা।
লিগে শেষ পাঁচ রাউন্ড বাকি থাকলেও রিয়াল বস একটু আগে ভাগেই শিরোপা নিজের করতে চাইছিলেন। লস ব্লাঙ্কোসরাও রেখেছেন তার কথা। ৩৪ ম্যাচে ২৫ জয়ে ৮১ পয়েন্ট নিয়ে শীর্ষে সাদা জার্সিধারী দল।
ঘরের মাঠে এদিন বল দখল, সঠিক পাস এবং দ্রুত আক্রমণে উঠে প্রতিপক্ষের রক্ষণভাগ তটস্থ রেখেছিল ক্রস-ভিনিসিয়াসরা। ৫৮ শতাংশ বল দখলে রেখে দশটি শটের পাঁচ টি লক্ষ্যে রাখে আনচেলত্তির শিষ্যরা। সফরকারীরা ১৫ শটের ৬টি রাখে লক্ষ্যে, কিন্তু ব্যর্থ হয় বল জালে জড়াতে।
বার্নাব্যুতে শুরু থেকেই আক্রমণত্মক খেলতে থাকে রিয়াল। ৩৩ মিনিটে রদ্রিগোর পা থেকে আসে প্রথম সাফল্য। মার্সেলোর বাড়ানো বল দারুণ এক প্লেসমেন্টে জালে জড়ান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। দশ মিনিট পর আরও একবার বল জালে জড়ান রদ্রিগো।
দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে এস্পানিওল। কিন্তু দশ মিনিটের মাঝে সফরকারীরা পিছিয়ে পড়ে ৩-০ ব্যবধানে। কামাভিঙ্গার অ্যাসিস্টে মার্কো আসেনসিও বাড়িয়ে নেয় রিয়ালের লিড।
৭২ মিনিটে অবশ্য আরও একবার বল জালে জড়িয়েছিল রিয়াল। কিন্তু বদলি নামা বেনজেমার পাস থেকে দারুণ শটে বল জালে জড়িয়েও অসন্তুষ্ট থাকতে হয় ইসকোকে। রেফারি ভিএআরের সাহায্যে নিশ্চিত হয় ডিবক্সের ভিতর রদ্রিগো অফসাইডে ছিলেন। তবে শেষের দিকে বেনজেমাও যোগ দেন গোল উৎসবে। মাতেন শিরোপা নির্ধারণের আনন্দে।








