গত শনিবার আলাভেসের কাছে লা লিগায় হেরেছে রিয়াল মাদ্রিদ। তার উপর টানা চার ম্যাচে জয়হীন। চ্যাম্পিয়ন্স লিগসহ সব প্রতিযোগিতায় চার ম্যাচে আবার একটিও গোল করতে পারেনি লস ব্লাঙ্কোসরা। চরম বেকায়দায় থাকা দলকে সমালোচনার হাত থেকে বাঁচাতে মাঠে নেমেছেন অধিনায়ক সার্জিও রামোস।
চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার অবস্থাও তেমন একটা ভালো না। লা লিগায় আট ম্যাচ শেষে ১৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে বার্সা। এক পয়েন্ট কম নিয়ে চার নম্বরে রিয়াল। বার্সার সমান পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে তিনে অ্যাটলেটিকো মাদ্রিদ। ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে সেভিয়া। এই এক ও দুই পয়েন্টের প্রসঙ্গ টেনেই ইতিবাচক দিক দেখাচ্ছেন রামোস। অল্প ব্যবধান ঘুচিয়ে ফেলা কঠিন কোনো কাজ নয় বলছেন তিনি।
কোচ হুলেন লোপেতেগির মুখ দেখেও সাহসী মনে হচ্ছে। তিনি দাবি করেছেন, রিয়াল এখনও স্পেন এবং ইউরোপে তাদের শ্রেষ্ঠত্ব অক্ষত রেখেছে। কিন্তু ক্লাবের ভেতরের খবর এত শান্ত নয় বলেই জানাচ্ছে মিডিয়া।
নাম প্রকাশ না করে রিয়ালের ড্রেসিংরুমের একটি সূত্র গোল ডটকমকে বলেছে, ‘আমরা লা লিগায় স্লিপ খেয়ে দূরে সরে যাচ্ছি। আমাদের প্রচুর উন্নতি করতে হবে।’
লোপেতেগির দাবি মতো পরিসংখ্যান, ইনজুরি ও মাদ্রিদের বিপক্ষে যে দুর্ভাগ্যজনক ঘটনা (গোলের কাছে গিয়ে গোল না পাওয়া) ঘটেছে, সেটি উল্লেখযোগ্য নয়। কিন্তু শেষ চার ম্যাচে গোলের সুযোগ এবং জয়ের অভাব ব্যাখ্যা করা খুব সামান্য শব্দে সম্ভব নয়। কারণ ১৯৮৫ সালের পর এমন অবস্থায় দাঁড়ায়নি রিয়াল। টানা চার ম্যাচের গোল না পাওয়ার ঘটনা।
দুই সপ্তাহ আগে চ্যাম্পিয়ন্স লিগে ঘরের মাঠে ইতালিয়ান ক্লাব এএস রোমার বিপক্ষে ৩-০ গোলের জয়ের পর থেকে শুধুই নেতিবাচক ফল। চ্যাম্পিয়ন্স লিগে সিএসকে মস্কোর কাছে হারের সঙ্গে আগে-পরে মিলিয়ে লা লিগায় দুই ম্যাচে হার। দলের এই ফলাফলই রিয়ালের ডাগআউটে ভবিষ্যত অনিশ্চিত করে দিয়েছে লোপেতেগির।
উয়েফা সুপার কাপে নগরপ্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকোর বিরুদ্ধে হার দিয়ে ইনিংস শুরু করেন ৫২ বছরের লোপেতেগি। মৌসুমের প্রথমপর্ব শেষের আগেই তো অবস্থা গুরুতর। কিন্তু খেলোয়াড়রা পাশে দাঁড়িয়ে সমর্থন দিচ্ছেন তাকে। ডিফেন্ডার রাফায়েল ভারানে যেমন বলেছেন, ‘কোচের সঙ্গে কাজ করে আমরা ‘আনন্দিত’। আর অধিনায়ক রামোস বলেছেন, ‘তাকে বরখাস্ত করাটা হবে পাগলামি।’
এই দুজনের সঙ্গে সুর মিলিয়ে সামাজিক মাধ্যমে কোচের পক্ষে সরব নাচো, ইসকো এবং টনি ক্রুজ। এই খারাপ অবস্থা থেকে তারা দ্রুতই বের হয়ে আসবেন বলেও জানিয়েছেন।
কিন্তু মিডিয়া ও সামাজিক মাধ্যমে সরব থাকার পাশাপাশি বসকে দায়িত্বে রাখার ইচ্ছা থাকলে তারা আর কি করতে পারেন?
তাদের সামনে একটাই বাস্তব বিকল্প, যদিও খোলস পাল্টে তাত্ক্ষণিকভাবে দারুণ কিছু করতে হবে। লস ব্লাঙ্কোসদের সামনে বিগ ম্যাচ। ২৮ অক্টোবর বার্সেলোনার বিপক্ষে এল ক্ল্যাসিকো। এই ম্যাচ সম্পূর্ণরুপে নিভূল হতে হবে। ক্যালেন্ডারে ২৮ অক্টোবর তারিখ সমস্ত মাদ্রিদিয়ানরাই লাল দাগে চিহ্নিত করে রাখতে পারেন। বিশেষ করে হুলেন লোপেতেগি।







