এবার ফ্যাটের জন্য ট্যাক্স

এখন থেকে ফ্যাট জাতীয় খাবার খাওয়ার আগে আরো একবার ভাববে ভারতের কেরালার মানুষ। কেননা প্রথমবারের মতো খাবারের উপর ফ্যাট ট্যাক্স বসিয়েছে কেরালা সরকার। বার্গার, পিজ্জা, ডোনাট বা টেকোর জন্য এখন থেকে ফ্যাট ট্যাক্স দিতে হবে নামী-দামী রেস্টুরেন্টগুলোকে।
খাবার পছন্দ করার ক্ষেত্রে খানিকটা লাগাম টানতে আর স্থূলতার সমস্যা কমাতে এই সিদ্ধান্ত নিয়েছে কেরালা সরকার। ১৪.৫ শতাংশ ট্যাক্স প্রদান করতে হবে এসব খাবারের উপর।
কেরালা অর্থমন্ত্রী টমাস ইসাক বলেন, কেরালার মানুষের খাবারের ধরণে খুব দ্রুত পরিবর্তন এসেছে। ঐতিহ্যবাহী খাবার ছেড়ে তারা এখন জাঙ্ক ফুডের দিকে ঝুঁকছে বেশি। সেজন্যই এই প্রতিরোধ ব্যবস্থা।
ভারতের নাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে জানাচ্ছে, পাঞ্জাবের পরে এই এলাকার মানুষই সবচেয়ে বেশি স্থূলতায় আক্রান্ত। সেই সঙ্গে জীবন যাপনে যোগ হচ্ছে নানান ধরনের রোগ। তাই এসব নিয়ন্ত্রণে এই পদক্ষেপ নিয়েছে কেরালা সরকার।
কিন্তু মজার বিষয় হচ্ছে বিশ্ববিখ্যাত সব ফাস্টফুড চেইন যেমন ম্যাকডোনাল্ড, কেএফসি, ডমইনো, বার্গার কিং খুব সম্প্রতি সেখানে নিজেদের শাখা খুলছে। পুরো কেরালার ম্যাকডোনাল্ডের শাখা রয়েছে মাত্র ৭টি। আর বার্গার কিং মাত্র সপ্তাহখানেক আগে নিয়ে আসলো তাদের প্রথম আউটলেট।
ম্যাকডোনাল্ড জানিয়েছে তারা এই বিষয় নিয়ে আরো বেশি খোঁজখবর নিবে। স্থানীয় একটি ক্যাফের মালিক ইসাক আলেক্সান্ডার বলেন, ট্যাক্স আরোপের ক্ষেত্রটা অনেক সংকীর্ণ। স্থানীয় কিছু খাবারেও অনেক পরিমাণে ফ্যাট থাকে এবং সেসব অস্বাস্থ্যকর। আমি ট্যাক্সকে খারাপ চোখে দেখি না। কিন্তু সেটা সবার জন্যই সমান ও গ্রহণযোগ্য হওয়া উচিত। একজন পিজ্জা বা বার্গার দিলো তার মানে কিন্তু এই না যে অন্যান্য খাবারগুলো স্বাস্থ্যকর হয়ে গেলো।
অন্য আর এক ফাস্ট ফুডের উদ্যোক্তার দাবি, আমরা কিন্তু ট্যাক্স দিচ্ছিই। তারপরও ফ্যাট ট্যাক্স দিতে হলে সেটা শুধু আগের ট্যাক্সের সঙ্গে যু্ক্ত হবে। সরকারের বরং উচিত স্বাস্থ্যকর খাবারের প্রচারণা চালানো এবং সেগুলোর দাম কমিয়ে দেওয়া।
সরকার অবশ্য এসব সমালোচনাকে মোটেও কানে তুলছে না। মানুষকে আরেকবার নিজের খাবারের ব্যাপারে ভাবিয়ে তোলাই তাদের লক্ষ্য। তাই সেখানকার অর্থমন্ত্রী বলছেন, ফ্যাটের বিরুদ্ধে যুদ্ধতো কেবল শুরু হলো।
বিশ্বে প্রথম ফ্যাট ট্যাক্স চালু করে ডেনমার্ক ২০১১ সালে। হাঙ্গেরিতে চিনিযুক্ত খাবার খেতে হলে দিতে হয় ট্যাক্স। আর মেক্সিকোতে চিনিযুক্ত খাবার, ব্রেকফাস্ট সিরিয়াল ও মিষ্টি খাবারে ট্যাক্স দিতে হয়। ইউএসএর ফিলাডেলফিয়াতে ট্যাক্স নেওয়া হয় সোডার উপরে।



