আইপিএলের ১৫তম আসরে দেখা যাবে না সাকিব আল হাসানকে। ২০১১ সালে অভিষেকের পর প্রথমবার আইপিএলে অবিক্রীত থাকলেন টাইগার অলরাউন্ডার। তবে এটাই শেষ নয়, সামনের বছরে সাকিবকে নিয়ে আশাবাদী তার স্ত্রী উম্মে আহমেদ শিশির।
ফেসবুকে এক পোস্টে শিশির জানিয়েছেন, টাইগার অলরাউন্ডারকে দলে টানতে যোগাযোগ করেছিল দুটি ফ্র্যাঞ্চাইজি। কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ থাকায় তাদের সঙ্গে চুক্তি করেননি সাকিব। আইপিএলে অবিক্রীত থাকারও কারণও সেটাই মনে করেন শিশির।
দুবার নিলামে উঠেও সাকিবের দল না পাওয়া নিয়ে ফেসবুকে চলছে বিস্তর আলোচনা। সমালোচকদের সেই বিষয়টি টেনে শিশির লেখেন, ‘আপনারা উত্তেজিত হওয়ার আগে, দুটি দল সাকিবের সঙ্গে সরাসরি যোগাযোগ করেছিল। যদি পুরো মৌসুম খেলতে পারতো, কিন্তু দুর্ভাগ্যবশত শ্রীলঙ্কা সিরিজ থাকায় সেটি করতে পারবেন না। এ কারণেই তাকে দলে নেয়া হয়নি। এটি বড় কথা নয়। এখানেই শেষ নয়, সামনের বছর আছে অবশ্যই!’
দেশের সিরিজ চলাকালে ছুটি নিয়ে আইপিএল খেলে সমালোচিত হয়েছিলেন সাকিব। প্রশ্ন তোলা হয়েছিল তার দেশপ্রেম নিয়ে। শিশির তার পোস্টে সেই বিষয়টিও তুলেছেন।
সমালোচকদের দিকে প্রশ্ন ছুড়ে তিনি লেখেন, ‘দল বাছাইয়ে শ্রীলঙ্কা সিরিজ এড়িয়ে যেতে হত সাকিবকে, যদি দল পেত তাহলে কি একই কথা বলতেন? নাকি, এতক্ষণে বিশ্বাসঘাতক বানিয়ে ফেলতেন? আপনাদের উত্তেজনায় পানি ঢালায় দুঃখিত!’








