জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আগামী ৮ সেপ্টেম্বর শুরু হবে। অধিবেশন শুরু সংক্রান্ত ফাইলে আজ বুধবার সই করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। ওইদিন বিকেল ৫টায় অধিবেশন শুরু হবে।
জাতীয় সংসদের অফিসিয়াল ওয়েব সাইটে এ তথ্য নিশ্চিত করেছে।
এবারের অধিবেশন কত দিন পর্যন্ত চলবে, তা নির্ধারণ করা হবে কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে। অধিবেশন শুরুর দিন এই কমিটির বৈঠক হবে। তবে সংবিধান রক্ষার এ অধিবেশন খুব একটা দীর্ঘ হবে না বলে জানা গেছে।
এর আগে সংসদের বাজেট ও তৃতীয় অধিবেশন ১২ জুলাই শেষ হয়। সংবিধান অনুযায়ী একটি অধিবেশন শেষ হওয়ার পর ৬০ কার্যদিবসের মধ্যে আরেকটি অধিবেশন আহ্বানের বাধ্যবাধ্যকতা রয়েছে।







