ঢাকা প্রিমিয়ার লিগে সেঞ্চুরি পেয়েছেন ‘ছক্কা নাঈম’ খ্যাত নাঈম ইসলাম, জাতীয় দলের নবীন সদস্য নুরুল হাসান সোহান এবং তরুণ মাহমুদুল হাসান লিমন।
সোমবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সেঞ্চুরির দেখা পান মোহামেডান স্পোর্টিং ক্লাবের ডানহাতি ব্যাটসম্যান নাঈম ইসলাম। লিস্ট ‘এ’ ক্রিকেটে এদিন পঞ্চম সেঞ্চুরির দেখা পান তিনি।
প্রাইম দোলেশ্বরের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমেই সাজঘরে যাওয়া আসার মিছিল শুরু করে মোহামেডানের খেলোয়াড়রা।
দলীয় ৪২ রানের মধ্যেই ফিরে যান নাজিমু্দ্দিন, উপল থারাঙ্গা, এজাজ ও অধিনায়ক মুশফিক। পরে আরিফুল ইসলামকে নিয়ে পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করেন নাঈম ইসলাম। শেষ পর্যন্ত আরিফুল ব্যক্তিগত ২৯ রানে ফিরে গেলেও প্রথমে ফিফটি তুলে নেন নাঈম।
এমনকি পরে তিন অংকের ম্যাজিক্যাল ফিগারেx পা রাখেন মোহামেডানের এই ডানহাতি ব্যাটসম্যান। ১৪৭ বলে ১০টি দৃষ্টিনন্দন বাউন্ডারির সাহায্যে ১০০ রান পূর্ণ করেন নাঈম ইসলাম। পরে ফরহাদ রেজার বলে ১০০ রানেই সাজঘরে ফেরেন তিনি।
সাভারের বিকেএসপিতে লিস্ট এ ক্রিকেটে প্রথম সেঞ্চুরি তুলে নেন জাতীয় দলের তরুণ উইকেট রক্ষক নুরুল হাসান সোহান। তিনি ১১২ বলে সাতটি চার ও দুটি ছয়ে করেন ১০৮ রান।
ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে কলাবাগান ক্রিকেট একাডেমির হয়ে দারুণ এক সেঞ্চুরি করেন অধিনায়ক মাহমুদুল হাসান।
১১১ বলে ১০৬ রানের এ ইনিংসটি তিনি আটটি চার ও তিনটি ছক্কার সাহায্যে সাজিয়ে তোলেন।
লিস্ট এ ক্রিকেটে দ্বিতীয় সেঞ্চুরি পেলেন এই অলরাউন্ডার।








