কোপা দেল রে’তে ফিরতি লেগে লেগানেসকে ২-১ গোলে হারিয়েছে ভ্যালেন্সিয়া। অন্য ম্যাচে আন্দ্রে তুরানের হ্যাটট্রিকে বড় ব্যবধানের জয় পেয়েছে বার্সেলোনা। বার্সা ত্রয়ীর একজনও মাঠে না নামলেও শোচনীয় পরাজয় বরণ করে নিতে হয় হারকিউলেসকে। ৭-০ গোলের বিশাল ব্যবধানে বিধ্বস্ত হয় অতিথিরা। এই ম্যাচে উজ্জ্বল দ্যুতি ছড়ান তুরান।
ন্যু ক্যাম্পে মেসি-নেইমার-সুয়ারেজ-পিকে’দের ছাড়াই মাঠে নামে স্বাগতিকরা। ৩৭ মিনিটে ফরাসী ডিফেন্ডার লুকাস ডিগনের গোলে ১-০ তে লিড নেয় বার্সা। বিরতিতে যাওয়ার আগে রাকিটিচ এবং দ্বিতীয়ার্ধে ৫ মিনিটের মধ্যে রাফিনহার গোলে কাতালানরা ৩-০ তে এগিয়ে যায়।
৫৫ মিনিটে নিজের প্রথম গোল করেন আন্দ্রে তুরান, ব্যবধান গড়ায় ৪-০ তে। ৭৩ মিনিটে গোল করেন প্যাকো। আর ৮৬ মিনিটে দ্বিতীয় এবং ৮৯ মিনিটে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন তুরান।
এতে দুই লেগ মিলিয়ে ৭-১ ব্যবধানে জয় নিয়ে ‘রাউন্ড অব সিক্সটিন’ নিশ্চিত করেছে বার্সেলোনা।








