দুর্দান্ত হ্যাটট্রিক করে স্পেনের বিরুদ্ধে দলকে জয়ের সমান এক ড্র এনে দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। স্প্যানিশদের বিরুদ্ধে পর্তুগালের ৩-৩ গোলের ড্র’কে পরে ন্যায্য ফল বলেছেন সিআর সেভেন।
শুক্রবার রাতে বেশ কয়েকটি রেকর্ড গড়েছেন রোনালদো। টানা চার বিশ্বকাপের সঙ্গে পরপর সাতটি আন্তর্জাতিক ম্যাচে গোল করার নজির গড়েছেন তিনি।
স্পেন ম্যাচ নিয়ে রোনালদো বলেন, ‘এই খেলাটা অনেক বছরের কাজের ফল। দেশের হয়ে কাজ করার জন্য মানুষ সবসময় আমার ওপর বিশ্বাস রেখেছে। আমরা ম্যাচটা জেতার চেষ্টা করেছি। স্পেনই বল নিয়ন্ত্রণ করেছে। তবে ড্রটা এই ম্যাচের জন্য ন্যায্য ফল।’
সতীর্থদের সম্পর্কে রিয়াল তারকার মন্তব্য, ‘আমরা অন্যতম ফেভারিট দলের বিপক্ষে খেলেছি। কিন্তু আমাদের দল শেষ মুহূর্ত পর্যন্ত নিজেদের সর্বস্ব দিয়েছে।’
রোনালদোর পরের ম্যাচ ২০ জুন মরক্কোর বিরুদ্ধে। আর গ্রুপপর্বের শেষ ম্যাচে ২৫ জুন তাদের প্রতিপক্ষ ইরান।







