উইলিয়ামসনকে ফিরিয়ে ইংলিশদের বিপক্ষে কিউই দল

অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা মাঠে প্রস্তুত, ম্যাচের জন্য প্রস্তুতি নিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
ইংল্যান্ড সফর সামনে রেখে নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসনকে ফিরিয়ে ২০ সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। দীর্ঘ দিন পর আবারও দলে ফিরছেন টেস্টে তৃতীয় বোলার হিসেবে এক ইনিংসে ১০ উইকেট নেয়াও কৃতী গড়া আজাজ প্যাটেল।
টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীনে থাকা ৩ ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে আগামী ২ জুন। দলে নতুন তিন মুখ অফস্পিন অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েল, উইকেটরক্ষক-ব্যাটসম্যান ক্যাম ফ্লেচার ও পেস বোলার ব্লেয়ার টিকনা।
আইপিএল খেলা ক্রিকেটারদের অনুপস্থিতি কাভার করতে ২০ সদস্যের দল ঘোষণা করা হয়েছে। প্রথম ম্যাচের আগে যা ১৫ জনে নামিয়ে আনা হবে। আইপিএল থেকে যোগ দেবেন গত বছর ভারতের বিপক্ষে সবশেষ টেস্ট খেলা উইলিয়ামসন। এরপর কনুইয়ের চোটের কারণে ছিলেন না বাংলাদেশ ও সাউদ আফ্রিকার বিপক্ষে।
ভারতের বিপক্ষে ১১৯ রান খরচায় ১০ উইকেট তুলে ইংল্যান্ডের জিম লেকার ও ভারতের অনিল কুম্বলের পর তৃতীয় বোলার হিসেবে অভিজাত ক্লাবে যোগ দেন কিউই স্পিনার প্যাটেল। এরপর পেসার নিয়ে দল গড়ায় বাংলাদেশ ও সাউদ আফ্রিকার বিপক্ষে টেস্ট দলে জায়গা হয়নি তার। তবে ইংলিশদের বিপক্ষে ফিরছেন প্রধান স্পিনার হিসেবেই।
কিউইদের প্রধান কোচ গ্যারি স্টেড জানান, ‘লর্ডসে প্রথম টেস্টের আগে প্রত্যেককে ফিট রাখব একই সাথে ম্যাচের আগে দল ১৫ জনে নামিয়ে আনব। লাল ও সাদা বলের ক্রিকেটীয় ব্যস্ততায় ক্রিকেটারদের যত্ন সহকারে খেলাতে হবে। ইংল্যান্ডে লাল বলের সফরটি আমাদের অগ্রাধিকার তালিকার শীর্ষে রয়েছে। আমরা তাদের মাটিতে তাদের আঘাত করতে উন্মুখ। ইংলিশরা নিজেদের কন্ডিশনে সবসময়ই কঠিন।’
নিউজিল্যান্ড দল: কেন উইলিয়ামসন (অধিনায়ক), উইল ইয়াং, টম ল্যাথাম, হামিশ রাদারফোর্ড, ডেভন কনওয়ে, হেনরি নিকোলস, ড্যারিল মিচেল, মাইকেল ব্রেসওয়েল, টম ব্লান্ডেল, কলিন ডি গ্র্যান্ডহোম, রাচিন রবীন্দ্র, ক্যাম ফ্লেচার, কাইল জেমিসন, ম্যাট হেনরি, টিম সাউদি, নিল ওয়াগনার, এজাজ প্যাটেল, ব্লেয়ার টিকনার, জ্যাকব ডাফি, ট্রেন্ট বোল্ট।






