আন্তর্জাতিক

নিউজিল্যান্ডের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়ায়, প্রাথমিক ফলে এগিয়ে ক্ষমতাসীন দল

নিউজিল্যান্ডের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়ায়, প্রাথমিক ফলে এগিয়ে ক্ষমতাসীন দল

নিউজিল্যান্ডের সাধারণ নির্বাচনে প্রাথমিক ভোট গণনায় এগিয়ে রয়েছে ক্ষমতাসীন মধ্য-ডানপন্থী ন্যাশনাল পার্টি। তবে দলটির সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করছে বিরোধী মধ্য-বামপন্থী লেবার পার্টি।

আল জাজিরা জানিয়েছে, শনিবার (৭ নভেম্বর) প্রকাশিত প্রাথমিক ফল অনুযায়ী, ন্যাশনাল পার্টি পেয়েছে ৩১ দশমিক ১৯ শতাংশ ভোট। অন্যদিকে, লেবার পার্টি পেয়েছে ২৮ দশমিক ৩৫ শতাংশ ভোট। মধ্যপন্থী অপারচুনিটি পার্টি (অ্যাক্ট) সংসদে প্রবেশের জন্য প্রয়োজনীয় ৫ শতাংশ ভোটের সীমা অতিক্রম করতে যাচ্ছে।

শনিবার স্থানীয় সময় সকাল ৯টায় ভোট গ্রহণ শুরু হয়ে সন্ধ্যা ৭টায় শেষ হয়। নিউজিল্যান্ডের নির্বাচন কমিশন জানিয়েছে, নির্বাচনের রাতেই মোট ভোটকেন্দ্রের ৯৫ শতাংশের প্রাথমিক ফল প্রকাশের লক্ষ্য রয়েছে তাদের। তবে বিদেশে অবস্থানরত নিউজিল্যান্ডের নাগরিকদের দেওয়া ভোটসহ চূড়ান্ত ফল আগামী ২৭ নভেম্বর প্রকাশের প্রত্যাশা করা হচ্ছে।

নির্বাচনের পর কত দিনের মধ্যে নতুন সরকার গঠন করতে হবে, সে বিষয়ে দেশটিতে নির্দিষ্ট কোনো সময়সীমা নেই। নির্বাচনে ন্যাশনাল পার্টি আর্থিক শৃঙ্খলা বজায় রেখে সরকারি বাজেট উদ্বৃত্তে ফেরানোর প্রতিশ্রুতি দিয়েছে। পাশাপাশি জাতীয় পেনশন কর্মসূচি সম্প্রসারণের পরিকল্পনার কথাও জানিয়েছে দলটি।

অন্যদিকে, লেবার পার্টি স্বাস্থ্যসেবা ও পরিবহন খরচ কমানোর প্রতিশ্রুতি দিয়েছে। নিউজিল্যান্ডে প্রতি তিন বছর পরপর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। দেশটিতে মিশ্র-সদস্য আনুপাতিক (এমএমপি) নির্বাচনী পদ্ধতি চালু রয়েছে। এই ব্যবস্থায় ভোটাররা সরাসরি দেশের প্রধানমন্ত্রী বা সরকারপ্রধান নির্বাচন করেন না।

বরং তারা নিজ নিজ নির্বাচনী এলাকার একজন প্রার্থী এবং একটি রাজনৈতিক দলকে ভোট দেন। নির্বাচনী এলাকায় বিজয়ী প্রার্থীরা সংসদে আসন পান। পাশাপাশি জাতীয় পর্যায়ে কোনো দল যত শতাংশ দলীয় ভোট পায়, সেই অনুপাতে দলটির তালিকায় থাকা শীর্ষস্থানীয় প্রার্থীরাও সংসদে আসন লাভ করেন। দেশটির সংসদে সাধারণত ১২০টি আসন থাকে।

উল্লেখ্য, নিউজিল্যান্ডে সব ভোট হাতে গণনা করা হয়। ভোট গণনায় কোনো যন্ত্র ব্যবহার করা হয় না।

বিষয়:নিউজিল্যান্ড নির্বাচন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…