ঈদকে সামনে রেখে বাড়ি ফিরতে শুরু করেছে রাজধানীবাসী। বৃহস্পতিবার সকাল থেকেই যাত্রীরা ভীড় করছেন দূরপাল্লার বাস কাউন্টারগুলোতে।
রাজধানীর বাস টার্মিনালগুলোতে যাত্রীদের ভীড় থাকলেও সামনের দিনে তা আরো বাড়তে পারে বলে ধারণা করছেন পরিবহন সংশ্লিষ্টরা।
ঈদ উপলক্ষে বাড়ি ফেরা মানুষদের নিয়ে প্রতিদিন ভোর থেকেই রাজধানী ছাড়ছে বিভিন্ন রুটের দূরপাল্লার বাসগুলো। ফলে মহাসড়কেও রয়েছে গাড়ির হালকা চাপ।
আগামী ৫ জুন পবিত্র ঈদুল ফিতর হতে পারে, এমনটা ধরে নিয়েই পরিবহনে ঈদযাত্রার টিকিট বিক্রির পর্ব ইতোমধ্যে শেষ।
ঝামেলা ও ঝুঁকি এড়াতে অনেকেই তাই আগে পরিবারের সদস্যদেরকে বাড়ি পাঠিয়ে দিচ্ছেন। যারা কর্মজীবী, মূলত তারাই থাকছেন ঢাকায়। তারা বাড়ি ফিরবেন ঈদের দুয়েকদিন আগে।
তবে কমলাপুরে এখনো ঈদের আগাম ট্রেনের যাত্রা শুরু হয়নি। ৩১ মে ঈদসেবা শুরু করবে বাংলাদেশ রেলওয়ে।







