স্পেন, জার্মানি হয়ে এখন আছেন ইংল্যান্ডে। লা লিগা, বুন্দেসলিগা ও ইংলিশ প্রিমিয়ার লিগের পর এবার সিরি অ’র চ্যালেঞ্জ নিতে চান পেপ গার্দিওলা। ইতালিতে বসেই ভবিষ্যতে সেদেশের লিগে কাজ করার কথা জানিয়েছেন ম্যানচেস্টার সিটি বস।
সিটির সঙ্গে সম্প্রতি চুক্তির মেয়াদ নবায়ন করেছেন গার্দিওলা। নতুন চুক্তি অনুযায়ী ২০২১’র মে পর্যন্ত থাকবেন সিটিজেনদের সঙ্গে।
খেলোয়াড়ি জীবনে বার্সেলোনা ছাড়াও ইতালির ক্লাব এএস রোমা ও ব্রেসসিয়ার হয়ে খেলেছেন গার্দিওলা। ক্লাবের আন্তর্জাতিক বিরতিতে গত এক সপ্তাহযাবত ইতালিতেই আছেন বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখের সাবেক কোচ। সেখানে এক প্রশ্নের জবাবে জানান, কোনো একদিন ইতালিতে ফেরার কথা, ‘কেনো নয়? বার্সেলোনায় থাকা অবস্থায় কেউ ভাবতে পারত আমি জার্মানির বায়ার্নে যাব? ওই রকম ঘটনা আবারও ঘটতে পারে।’
জার্মানির অভিজ্ঞতার কথা উল্লেখ করে গার্দিওলার বলেছেন, ‘জার্মানিতে আমি অনেক চ্যালেঞ্জের মুখে পড়েছি এবং তা কাটিয়ে উঠেছি। সুতরাং সবকিছুই সম্ভব। আমি স্পেনে কোচ ছিলাম। পরে জার্মানি ও বর্তমানে ইংল্যান্ডে। সুতরাং কেনো আমি ইতালিতে কোচ হতে পারব না? আমি জানি ভবিষ্যতে আমার জন্য কি অপেক্ষা করছে, তবে এখানকার খাবার কিন্তু খুব ভালো।’
রোমা-ব্রেসসিয়ায় হয়ে খেলার সময় ইতালিকে নিজের বাড়ি বলেই মনে হত গার্দিওলার। ইতালিকে আপন ভেবে ভালোবাসেন তিনি, ‘আমি যখন চাই তখনই ইতালিতে আসতে পারি, কারণ এই দেশটা আমি ভালোবাসি। এখানে আমার প্রচুর বন্ধু-বান্ধব আছেন। স্পেন ও কাতালানাদের মতো এখানকার মানুষের অনেক মিল আছে।’










