চলতি বছরের শুরুতে ইংল্যান্ড দলের ম্যানেজিং ডিরেক্টরের পদ ছেড়েছেন অ্যাশলে জাইলস। পরে অন্তর্বর্তীকালীন হিসেবে দায়িত্ব নিয়েছিলেন অ্যান্ড্রু স্ট্রাউস। এবার বিষয়টির পাকাপাকি সমাধানের ব্যবস্থা করেছে ইসিবি। ইংলিশদের নতুন ম্যানেজিং ডিরেক্টরের দায়িত্ব গ্রহণ করেছেন রবার্ট কি।
শনিবার আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে রবার্টকে এ দায়িত্ব তুলে দেয় ইসিবি। ইসিবির গুরুত্বপূর্ণ পদে কাজ করার সুযোগ পেয়ে উচ্ছ্বাসিত সাবেক এ ক্রিকেটার। তবে কাজটি অনেক চ্যালেঞ্জিং হবে বলেও মনে করেন ডানহাতি ব্যাটার।
‘এই দায়িত্ব পাওয়া আমার জন্য সম্মানের। ইংল্যান্ডের ক্রিকেটে অবদান রাখার সুযোগ খুব কম মানুষই পায়। দলের ক্রিকেটের উন্নতির জন্য আমার সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করবো।’
সাদা পোশাকে গত কয়েক মাস ধরে হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে ইংলিশরা। তাই সময়টা দলের জন্য কঠিন বলে মনে করেন রবার্ট। তবে প্রতিভাবান ক্রিকেটারদের সুযোগ দিয়ে দলকে এগিয়ে নেয়া সম্ভব বলেও এসময় জানান তিনি।
‘ইংল্যান্ড ক্রিকেটের জন্য এটা চ্যালেঞ্জিং সময়, তবে এই সময়টা গুরুত্বপূর্ণও। আমাদের পুরুষ এবং নারী উভয় দলই র্যাঙ্কিংয়ে উপরের দিকে আছে এবং এতে কোনো সন্দেহ নেই যে, আমাদের বেশ কিছু প্রতিভাবান ক্রিকেটার আছে।’








