অপরাধ

নিউগিনি প্রপার্টিজে হামলা: সাবেক মেজর জেনারেল মহিউদ্দিন গ্রেপ্তার

নিউগিনি প্রপার্টিজে হামলা: সাবেক মেজর জেনারেল মহিউদ্দিন গ্রেপ্তার

অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী। সংগৃহীত ছবি

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার ইসিবি চত্বর এলাকায় নিউগিনি প্রপার্টিজ আবাসন প্রকল্পে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় করা মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর পৌনে ৩টার দিকে রাজধানীর রমনা থানার সেগুনবাগিচা এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, নিউগিনি প্রপার্টিজে হামলার ঘটনায় ক্যান্টনমেন্ট থানায় করা মামলায় গোলাম মহিউদ্দিন চৌধুরীকে ৪ নম্বর আসামি করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া মহিউদ্দিন চৌধুরীর বয়স ৬৬ বছর। তার বাবার নাম মো. আবুল ফয়েজ চৌধুরী এবং মায়ের নাম হাসমত আরা বেগম। তার স্থায়ী ঠিকানা ঢাকার খিলগাঁওয়ের মালিবাগ বাজার রোডের দ্বিতীয় গলিতে। বর্তমানে তিনি মিরপুর ডিওএইচএস এলাকায় বসবাস করেন।

এর আগে নিউগিনি প্রপার্টিজ আবাসন প্রকল্পে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় করা মামলার অন্যতম আসামি মিজানুর রহমানকে (৫৯) গ্রেপ্তার করে ডিবি।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ইসিবি চত্বর এলাকায় নিউগিনি প্রপার্টিজের জমি নিয়ে বিরোধের জেরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় ক্যান্টনমেন্ট থানায় মামলা করা হয়। ওই মামলার আসামিদের মধ্যে রয়েছেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরী।

২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের পর রাজধানীর মানিকদীতে আবাসন প্রকল্পের জমি দখল ও পাল্টা দখলকে কেন্দ্র করে অন্তত তিন দফা হামলা ও সংঘর্ষের তথ্য পেয়েছে পুলিশ। সর্বশেষ শনিবার রাতে ইসিবি চত্বরের দক্ষিণ মানিকদীতে নিউগিনি প্রপার্টিজের আবাসন প্রকল্পে হামলা, ভাঙচুর, লুটপাট ও গোলাগুলির ঘটনা সেই পুরোনো বিরোধকে আবার সামনে এনেছে। পুলিশের তদন্তে স্থানীয় বিভিন্ন পক্ষ, আবাসন ব্যবসা এবং জমির মালিকানা নিয়ে বিরোধের তথ্য উঠে এসেছে।

সর্বশেষ ঘটনায় এখন পর্যন্ত নয়জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ। এর মধ্যে ডিবি চারজনকে এবং ক্যান্টনমেন্ট থানা পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। এজাহারভুক্ত আসামি মিজানুর রহমানকেও সোমবার পশ্চিম মাটিকাটা এলাকা থেকে গ্রেপ্তার করে ডিবি।

ক্যান্টনমেন্ট থানার পরিদর্শক (অপারেশন) সুব্রত দেবনাথ বলেন, দীর্ঘদিন ধরে ওই এলাকায় আবাসন ব্যবসা ও জমির মালিকানা নিয়ে বিরোধ চলছে। সর্বশেষ হামলায় দেশীয় অস্ত্রের পাশাপাশি আগ্নেয়াস্ত্র ব্যবহারের তথ্য পেয়েছে পুলিশ। অস্ত্রধারী আরও কয়েকজনকে শনাক্ত করে তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পুলিশের তদন্তে ২০২৪ সালের ৭ আগস্ট নিউগিনি হাউজিংয়ের ভেতরে আরেকটি হামলার তথ্যও পাওয়া গেছে। ওই ঘটনায় ‘অনলাইন গ্রুপ’ নামে একটি ডেভেলপার প্রতিষ্ঠানের জমি দখলকে কেন্দ্র করে বিরোধের তথ্য আসে। পুলিশের দাবি, তৎকালীন সরকার পতনের পর প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক আত্মগোপনে থাকার সুযোগে জমি দখলের অভিযোগ ওঠে।

এরপর ২০২৫ সালের সেপ্টেম্বরে দক্ষিণ মানিকদীতে মসজিদ ও শ্রমিকদের থাকার ঘর নির্মাণকে কেন্দ্র করে নিউগিনি কর্তৃপক্ষের সঙ্গে স্থানীয়দের বিরোধ হয়। এ ঘটনায় থানায় অভিযোগও রয়েছে।

বিষয়:ইসিবিগ্রেপ্তারডিবিনিউগিনি প্রপার্টিজে হামলাসাবেক মেজর জেনারেল মহিউদ্দিন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…