দু’ দেশের সম্পর্ক কিছুটা ঠিকঠাক হওয়ার ধারবাহিকতায় ১৬ বছরের মধ্যে প্রথম আমেরিকান দল হিসেবে কিউবা সফরে গেলো নিউইয়র্কের কসমস ফুটবল দল। কিউবা জাতীয় দলের সঙ্গে প্রীতি ম্যাচে অংশ নিতেই এই সফর।
তবে হাভানা এয়ারপোর্টে নামার পর সবার আগ্রহ একজনকে ঘিরে। তিনি ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে। নিউইয়র্ক কসমস টিমের একজন সাবেক ফুটবলার তিনি।
কমিউনিষ্ট আইল্যান্ড হিসেবে পরিচিত কিউবা সফরে পেলেকে আমন্ত্রণ জানিয়েছিলো কসমস। দলের খোঁজ-খবর জানানোর সঙ্গে সদ্য শেষ হওয়া ফিফা নির্বাচন নিয়েও প্রশ্ন ছিলো তার কাছে।
ফিফা সভাপতি হিসেবে সেপ ব্লাটারের পুনর্নির্বাচন প্রসঙ্গে পেলে বলেন, ‘দেখুন আমার পরিচয় আমি একজন ফুটবলার। আমার কাজ ফুটবল দিয়েই মানুষকে সন্তুষ্ট করা। কোন্ চেয়ারে কে বসলো বা কে বসতে চায়– এসবে আগ্রহ পাই না। তা নিয়ে মাথা ঘামানোর দরকারও মনে করি না।’
‘তবে আমাদের উচিত মিষ্টার ব্লাটারকে সম্মান করা। কারণ লোকটা জীবনের ২৫ বছরেরও বেশি সময় ব্যয় করে ফেলেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থায়,’ এভাবেই ব্লাটারকে সমর্থন জানান পেলে।
মঙ্গলবার কিউবার সঙ্গে ম্যাচ। সোমবার অনুশীলন করবে নিউ ইয়র্ক কসমস ফুটবল দল। ব্রাজিলিয়ান সুপারষ্টারেরও সেখানে যোগ দেয়ার কথা রয়েছে।







