বাংলাদেশের ফুটবল ক্লাব ফর্টিস এফসির আমন্ত্রণে বাংলাদেশে এসেছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফরোয়ার্ড ক্লদিও ক্যানেজিয়। সোমবার বাংলাদেশে আসার পর আয়োজকদের সাথে বিভিন্ন কার্যক্রম সারার পর আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করেছিলেন। সেখানেই জানিয়েছেন ইতিহাসের সর্বশ্রেষ্ঠ তিনজন খেলোয়াড়ের মধ্যে দুজন তাদের দেশের।
আর্জেন্টিনার হয়ে ১৯৯০ সালের বিশ্বকাপের অন্যতম স্ট্রাইকার ক্যানেজিয়া লিওনেল মেসি এবং ডিয়েগো ম্যারাডোনার খেলা দেখেছেন। কিংবদন্তি ম্যারাডোনার সাথে বিশ্বকাপের মঞ্চে একসাথে খেলেছেনও। তার মতে ম্যারাডোনা ও মেসি তার দেশের এবং ফুটবলের ইতিহাসের দুজন শ্রেষ্ঠ খেলোয়াড়। চীরপ্রতিদ্বন্দ্বী হলেও তার চোখে পেলেও ইতিহাসের সেরা খেলোয়াড়দের একজন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে ক্যানেজিয়া গ্রেটদের নিয়ে বলেন, ‘আমার মতে, আমাদের দুজন সবচেয়ে মেধাবী খেলোয়াড় রয়েছে। পেলে… সে ব্রাজিলিয়ান আমি তাকে সরাসরি দেখেছি। পেলে, ম্যারাডোনা, মেসি তিনজনই ইতিহাসের সর্বশ্রেষ্ঠ খেলোয়াড়। আমাদের দুজন আছে…মেসি এবং ম্যারাডোনা।’
‘পেলে ছিলেন ব্রাজিলিয়ান, তিনিও গুরুত্বপূর্ণ। আর্জেন্টিনার নাগরিক হিসেবে এটি আমাদের জন্য দুর্দান্ত, বুঝতেই পারছেন? পুরো ইতিহাসের তিনজন সেরা খেলোয়াড়দের মধ্যে দুজনই আমাদের।’










