আইপিএল নিলামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর ভরসা রাখেনি। আস্থা রেখেছিল কিংস ইলেভেন পাঞ্জাব। প্রীতি জিনতার দলের ভরসার প্রতি সুবিচার করেছেন ক্রিস্টোফার হেনরি গেইল। ৪ ম্যাচে ২৫২ রান করে প্রমাণ করে দিয়েছেন, ব্যাট হাতে তিনি কতটা ভয়ঙ্কর।
শুধু ব্যাটে নয়, আগ্রাসী সুর শোনা গেছে গেইলের কণ্ঠেও। ক্যারিবীয় তারকা বলেছেন, ‘কারও কাছে আমার কিছু প্রমাণ করার নেই। আমি নিজের তাগিদেই রান করার চেষ্টা করি। আমার ব্যাটই আমার হয়ে কথা বলে।’
তবে প্রথম দফার নিলামে সরাসরি সুযোগ না পাওয়া নিয়ে বেঙ্গালোরের বিরুদ্ধে কোনো মন্তব্য করতে রাজি হননি গেইল। তবে টাইমস অব ইন্ডিয়াকে দেয়া সাক্ষাতকারে বলেছেন, ‘ক্রিকেটের বাইরেও আমার জীবন আছে। আমার কাছে সেই জীবনটাই বেশি গুরুত্বপূর্ণ। তাই ক্রিকেটজীবনের কোনো ঘটনাই আমার ওপরে খুব বড় প্রভাব ফেলতে পারে না।’
‘তবে নিজের পারফরমেন্স নিয়ে আমি খুশি। যে দলের হয়েই খেলি না কেন, আমি সবসময় নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি। বন্ধ দরজার পিছনে কী হচ্ছে, সেটা আমার জানা নেই। জানতেও চাই না’,-যোগ করেন ক্যারিবীয় দানব।
তবে কিংস ইলেভেন পাঞ্জাবে খেলতে পেরে যে রীতিমতো উচ্ছ্বসিত, সেটাও জানান গে্ইল। তিনি বলেছেন, ‘হয়তো এই দলে খেলাটাই আমার নির্ধারিত ছিল।’
নিজেকে ‘কিং’ (রাজা) উল্লেখ করে গেইলের রসিকতা, ‘কিং গেইল কিংস ইলেভেন পাঞ্জাবেই ভালো আছে।’
কথা বলেছেন নিজের বয়স নিয়েও। এখন ৩৮ হলেও শরীরটা ঠিক রাখাই আসল কাজ বলে জানান গেইল। আর এই মুহূর্তে তার দুটি জিনিসি চাওয়া। এক চলতি বছর আইপিএল জেতা এবং পরের বছর ওয়েস্ট ইন্ডিজের হয়ে বিশ্বকাপ।









