আফগানিস্তান পার্লামেন্টে হামলায় ৬ জঙ্গী নিহত

আফগানিস্তানে পার্লামেন্ট অধিবেশন চলার সময় বিস্ফোরণ ও বন্দুক হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। পুলিশ বলছে, হামলার সময় পুলিশের সঙ্গে গোলাগুলির ঘটনায় ৬ তালেবান জঙ্গি নিহত হয়েছে। নারী-শিশুসহ আহত হয়েছে আরো ২১ জন। পার্লামেন্ট ভবনের আশপাশের এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।
আফগানিস্তানের কাবুলে অধিবেশন চলার সময় হঠাৎই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। পার্লামেন্টের ভেতরে ও বাইরে কমপক্ষে ছয় দফা বিস্ফোরণের শব্দ শোনা যায়, সেই সাথে শুরু হয় গোলাগুলি। ভবনের বাইরেও জ্বলন্ত গাড়ি দেখা যায়।
হামলার পরপরই এমপিদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। আর আহতদের নেয়া হয়েছে স্থানীয় হাসপাতালে। এরই মধ্যে হামলার দায় স্বীকার করেছে তালিবান জঙ্গীরা।
হামলার সময় পার্লামেন্টের বেজমেন্টে আটকা পড়েন বেশ কয়েকজন সদস্য। আত্মঘাতী ও বন্দুকধারীদের হামলার প্রায় দুই ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে পুলিশ।






