রায়ের বিপক্ষে আপিল করেছিলেন। কাজ হয়নি। স্পট-ফিক্সিং কেলেঙ্কারিতে তাই পাঁচ বছর নিষিদ্ধই থাকছেন পাকিস্তানি ব্যাটসম্যান খালিদ লতিফ।
বুধবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) দুর্নীতি দমন কমিশন পরিচালিত এক স্বাধীন বিচারকার্যে পাপী হিসেবেই সাব্যস্ত করা হয়েছে লতিফকে। পাকিস্তান সুপার লিগে স্পট ফিক্সিংয়ে দোষী প্রমাণিত হওয়ায় ক্রিকেট ক্যারিয়ার একপ্রকার শেষই হয়ে গেল ৩২ বছর বয়সী এ ক্রিকেটারের।
বিচারকার্য পরিচালনা করেন অবসরপ্রাপ্ত বিচারপতি ফকির মুহাম্মদ। নিষেধাজ্ঞার পাশাপাশি লতিফকে ১ কোটি রুপি জরিমানাও করেছেন তিনি।
লতিফের পাশাপাশি ফিক্সিংয়ে ফেঁসেছিলেন আরেক পাকিস্তানি শারজিল খানও। মাস কয়েক আগে পাঁচ বছর নিষেধাজ্ঞা পেয়েছিলেন তিনিও। এক বছরের নিষেধাজ্ঞা পান পেসার মোহাম্মদ ইরফান। আর পিসিবির তদন্ত চলছে শাহজাইব হোসেন ও নাসির জামসেদের বিপক্ষে।








