সারজিল খানের পর স্পট ফিক্সিংয়ের অভিযোগে নিষিদ্ধ হলেন পাকিস্তানের আরও এক ক্রিকেটার। ব্যাটসম্যান খালিদ লতিফকে ৫ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। তার বিরুদ্ধে আনা ছয়টি অভিযোগ প্রমাণিত হওয়ায় পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) দুর্নীতি বিরোধী ট্রাইব্যুনাল বুধবার নিষেধাজ্ঞার রায় দেন।
নিষেধাজ্ঞার পাশাপাশি খালিদকে ১০ লাখ পাকিস্তানি রুপি জরিমানা করা হয়েছে। পিসিবির নিয়মানুযায়ী রায়ের ১৪ দিনের মধ্যে আপিল করার সুযোগ পাবেন খালিদ।
চলতি বছর শুরুর দিকে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) মোহাম্মদ ইরফান, শাহজিব হাসান ও শারজিল খানকে ফিক্সিংয়ের জন্য প্ররোচিত করেছিলেন খালিদ। এই ঘটনায় ৩১ বছর বয়সী ব্যাটসম্যানকে অন্যতম হোতা হিসেবে বিবেচনা করা হচ্ছে।
তবে দুর্নীতি বিরোধী ট্রাইব্যুনালের দেয়া রায় প্রত্যাখ্যান করেছেন খালিদের আইনজীবী। রায়ের বিরুদ্ধে চ্যালেঞ্জ করার কথাও জানিয়েছেন আইনজীবী বাবর আলম, ‘এই রায়ের কোনও আইনি ভিত্তি নেই। এটা অগ্রহণযোগ্য। আমরা এর বিরুদ্ধে আপিল করব।’
পিএসএলে ফিক্সিংয়ের অভিযোগে প্রথম শাস্তি মেলে শারজিল খানের। গত মাসে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ হন তিনি। আরেক ক্রিকেটার নাসির জামশেদের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে এখনও শুনানি শুরু হয়নি। জামশেদকে এই কাজে প্রধান হোতা মনে করা হয়।








