ফুটবল

আটালান্টাকে চেনাছন্দে নাচিয়ে কোয়ার্টারে রিয়াল

রিয়াল মাদ্রিদ ফুটবল দলের খেলোয়াড়রা গোল উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রিয়াল মাদ্রিদ ফুটবল দলের খেলোয়াড়রা গোলের পর একে অপরকে আলিঙ্গন ও উল্লাস করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

লিগে আগের ম্যাচে যোগ করা সময়ের গোলে জয় তোলা শিষ্যদের কাছে আরও একটু আগে গোল চেয়েছিলেন কোচ জিনেদিন জিদান। পরের ম্যাচে চ্যাম্পিয়ন্স লিগে চাওয়াটা রেখেছেন বেনজেমা-রামোসরা। আটালান্টাকে চেনাছন্দে হারিয়ে কোয়ার্টারে পা রেখেছে রিয়াল মাদ্রিদ।

আলফ্রেডো ডি স্টেফানো স্টেডিয়ামে মঙ্গলবার রাতে শেষ ষোলোর ফিরতি লেগে আটালান্টাকে ৩-১ গোলে হারিয়েছে রিয়াল। প্রথম লেগে ইতালিয়ানদের মাঠ থেকে ১-০তে জিতে এসেছিল মাদ্রিদিস্তারা। দুই লেগ মিলিয়ে ৪-১ ব্যবধানে গেল সেরা আটে।

ম্যাচের ৩৪ মিনিটে ফর্মে থাকা করিম বেনজেমার গোলে লিড নেয় রিয়াল। বলের যোগানদাতা ছিলেন লুকা মদ্রিচ।

মধ্যবিরতির পর ফিরে ৬০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিকরা। পেনাল্টিতে গোল আনেন দলনেতা সার্জিও রামোস।

এরপর ৮৪ মিনিটে একটি গোল ফিরিয়ে দেয় অতিথিরা। লুইস মুরিয়েল ফ্রি-কিকে দর্শনীয় গোল করে বসেন।

দুই মিনিট পর লুকাস ভাসকেজের বাড়ানো বলে নিয়ন্ত্রণ নিয়ে বদলি মার্কো আসেনসিও জাল খুঁজে নিলে অবশ্য ব্যবধান বাড়ানো জয়েই মাঠ ছাড়ে রিয়াল।

বিষয়:চ্যাম্পিয়ন্স লিগ-২০২১ জিদান বেনজেমা রামোস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…