আদালত

আগাম জামিন পেলেন গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর

গাজীপুরের মেয়র জাহাঙ্গীরের শোকজ বিষয়ক ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজীপুরের মেয়র জাহাঙ্গীরের শোকজ সংক্রান্ত একটি ছবি, যেখানে তিনি বসে আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের শহীদদের নিয়ে ‘বিতর্কিত মন্তব্যের’ অভিযোগে ফরিদপুরে হওয়া মামলায় আগাম জামিন পেয়েছেন গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদ থেকে বরখাস্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

সোমবার বিচারপতি মো: রেজাউল হাসান ও মো: আতাবুল্লাহ’র সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে উপস্থিত হয়ে জামিন চাইলে আদালত তাকে আট সপ্তাহের আগাম জামিন দেন।

আদালতে জাহাঙ্গীরের পক্ষে শুনানি করেন আইনজীবী এম কে রহমান। গত বুধবার এই মামলায় জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ফরিদপুরের আদালত।

এর আগে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের শহীদদের নিয়ে ‘বিতর্কিত মন্তব্যের’ অভিযোগে দেশের বিভিন্ন জেলায় হওয়া সাতটি মামলায় সম্প্রতি ছয় সপ্তাহের আগাম জামিন পেয়েছেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম। ‘মানবিক বাংলাদেশ সোসাইটি’ নামে একটি সংগঠনের সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান বাদী হয়ে ফরিদপুরের মামলাটি করেন।

অন্যদিকে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদ থেকে মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে বরখাস্তের সিদ্ধান্ত কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। বরখাস্তের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে মোহাম্মদ জাহাঙ্গীর আলমের করা রিটের শুনানি শেষে বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মো. আখতারুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেছেন।

বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের শহীদদের নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীরকে গত বছরের ১৯ নভেম্বর দল থেকে বহিষ্কার করে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এরপর গত ২৫ নভেম্বর জাহাঙ্গীর আলমকে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদ থেকে বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এর আগে ২০১৮ সালে গাজীপুর সিটি করপোরশেন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে দলীয় প্রতীকে মেয়র নির্বাচিত হন জাহাঙ্গীর আলম।

বিষয়:জাহাঙ্গীর হাইকোর্ট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…