বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা বিভাগ থেকে সরে দাঁড়াচ্ছেন আকরাম খান! ফেসবুকে এমনই পোস্ট দিয়েছেন তার সহধর্মিণী সাবিনা আকরাম। আকরাম নিজে এ ব্যাপারে মুখ খোলেননি। তার ফোন বন্ধ রয়েছে।
২০১৪ সালে নাজমুল হাসান পাপনের নেতৃত্বে নির্বাচিত কমিটিতে আকরাম প্রথমবার ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধানের দায়িত্ব পালন করেন। ২০১৫ সালের অক্টোবরে তার সাবেক সতীর্থ নাঈমুর রহমান দুর্জয় পান সেই দায়িত্ব।
২০১৬ সালের ফেব্রুয়ারিতে পুরনো দায়িত্বে ফেরেন আকরাম। ৫ বছর ক্রিকেট পরিচালনা বিভাগে দায়িত্ব পালন করার পর ফের চেয়ার ছাড়তে হচ্ছে সাবেক অধিনায়ককে!
গত কিছুদিন ধরে বাংলাদেশের পারফরমান্স নিয়ে বিস্তর প্রশ্ন। যে কারণে বিসিবিতে আসছে নানা পরিবর্তন। কিছুদিন আগে পরিচালনা বিভাগ থেকেই ম্যানেজারের দায়িত্ব ছাড়েন সাব্বির খান।








