গাজীপুরে সিলিন্ডার লিকেজ থেকে আগুন, দগ্ধ ৪

গাজীপুরের চৌরাস্তা এলাকায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে সৃষ্ট আগুনে চারজন দগ্ধ হয়েছেন। বুধবার রাতে নাওজোর এলাকায় একটি সিলিন্ডার রি-টেস্টিং সেন্টারে এ দুর্ঘটনা ঘটে।
বুধবার রাত ৯টার দিকে রিয়াজ ফিলিং স্টেশনের পাশে অবস্থিত ইউনাইটেড সিলিন্ডার রি-টেস্টিং সেন্টার-২-এ আগুন লাগে। পরে দগ্ধ চারজনকে উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, দগ্ধদের মধ্যে আহাদ (১৯) সবচেয়ে বেশি আহত হয়েছেন। তার শরীরের ৫৫ শতাংশ পুড়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক। একই ঘটনায় আবদুল্লাহ (১৮) শরীরের ২০ শতাংশ এবং আশরাফুল (২৬) ১৫ শতাংশ দগ্ধ হয়েছেন। তাদের পুরুষদের নিবিড় পর্যবেক্ষণ ইউনিটে (এমএইচডিইউ) ভর্তি করা হয়েছে।
অন্যদিকে, নাঈম (২৫) নামে আরেকজনের শরীরের ৪ শতাংশ পুড়ে গেছে। তাকে হাসপাতালের জরুরি বিভাগে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. হিরণ মিয়া জানান, বুধবার রাত ৮টা ৪০ মিনিটে ইউনাইটেড সিলিন্ডার রি-টেস্টিং সেন্টার-২-এ আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। ইউনিট দুটি রাত ৮টা ৪৪ মিনিটে সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
তিনি জানান, রাত ৮টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রি-টেস্টিংয়ের জন্য রাখা গ্যাস সিলিন্ডার থেকে লিকেজ হয়ে আগুনের সূত্রপাত হয়েছে। এতে ৪১টি সিলিন্ডার আগুনের কবলে পড়ে।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার বলেন, বুধবার রাতে দগ্ধ চারজনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে তিনজনকে শারীরিক অবস্থার বিবেচনায় ভর্তি করা হয়েছে এবং একজনকে জরুরি বিভাগে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
তিনি আরও বলেন, ৫৫ শতাংশ দগ্ধ আহাদের অবস্থা আশঙ্কাজনক। তবে চারজনকেই প্রয়োজন অনুযায়ী সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হচ্ছে।






