পিক্সেলের পর এবার পিক্সেল ২ এবং পিক্সেল ২ এক্সএল নামের দুটি স্মার্টফোন উন্মুক্ত করল গুগল। অ্যাপলের আইফোন ৮ এবং আইফোন ১০-এর সাথে টেক্কা দিতে দারুণ সব প্রযুক্তির মেলবন্ধন ঘটানো হয়েছে স্মার্টফোন দুটিতে।
দুটি মডেলই গ্লাস অ্যালুমিনিয়াম ডিজাইনের যাতে ব্যবহার করা হয়েছে থ্রিডি গরিলা গ্লাস ৫। আগের তুলনায় আরও ফাস্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হয়েছে। যুক্ত করা হয়েছে উন্নত ক্যামেরা। এছাড়া যুক্ত করা হয়েছে ফাস্ট চার্জিং টেকনোলজিও।
পিক্সেল ২ মডেলে থাকছে ৫ ইঞ্চি ওএলইডি ডিসপ্লে। তবে কিছুটা বড় ডিসপ্লে যাদের প্রয়োজন, তাঁদের জন্য ৬ ইঞ্চি ডিসপ্লে থাকবে পিক্সেল ২এক্সএলে। দুটি ফোনেই খুব অল্প বেজেল থাকছে। সাধারণত অ্যান্ড্রয়েড ফোনে সার্চ বার ডিসপ্লের একেবারে উপরের দিকে থাকলেও এই ফোনে সার্চ বার রাখা হয়েছে একদম নিচে।

ফোন দুটিতে নতুন একটি ফিচার যুক্ত করা হয়েছে যার নাম দেওয়া হয়েছে ‘অ্যাক্টিভ এজ’। গুগল অ্যাসিস্ট্যান্টের মধ্যে থেকেই কাজ করবে এই ফিচারটি।
অ্যাপলের পথ ধরে গুগলও হেডফোন জ্যাক বাদ দিয়েছে পিক্সেল ২ থেকে। এর পরিবর্তে দেওয়া হচ্ছে একটি অ্যাডাপ্টর যা ইউএসবি-সি পোর্টে যুক্ত করে হেডফোন ব্যবহার করা যাবে।
পিক্সেল ২ ও পিক্সেল ২ এক্সএল ফোন দুটিতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৮৩৫ চিপসেট। দুটি ফোনেই থাকছে ৪ গিগাবাইট র্যাম। ফোন দুটি পাওয়া যাবে ৬৪ গিগাবাইট ও ১২৮ গিগাবাইট ভ্যারিয়েন্টে।
![]()
পিক্সেল ২ এবং পিক্সেল ২ এক্সএল এ থাকছে ১২.২ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। দুটি ফোনেই থাকছে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং ৪কে রেজ্যুলেশনে ভিডিও ধারণের সুবিধা। দুটি ফোনেই থাকছে পিক্সেল ইমপ্রিন্ট সেন্সর।
ফোন দুটিতে থাকছে যথাক্রমে ২৭০০ মিলিঅ্যাম্পিয়ার ও ৩৫২০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। গুগল জানিয়েছে, মাত্র ১৫ মিনিট চার্জ দিয়ে ৭ ঘণ্টা পর্যন্ত ব্যবহার করা যাবে পিক্সেল ২।
গুগল জানিয়েছে, সিম কার্ড ছাড়াই ব্যবহার করা যাবে পিক্সেল ২। তবে এজন্য দরকার পড়বে গুগল এফআই প্রজেক্টের ই-সিম। সিম ছাড়া ব্যবহার করতে চাইলে ন্যানো সিম ব্যবহারের সুযোগ তো থাকছেই।
পিক্সেল ২ এর দাম পড়বে ৬৪৯ ডলার (৬৪ জিবি) ও ৭৪৯ ডলার (১২৮ জিবি)। পিক্সেল ২ এক্সএলের দাম ৮৪৯ ডলার (৬৪ জিবি) ও ৯৪৯ ডলার (১২৮ জিবি)।






