বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ২০ নারী কনস্টেবলের ২৪ লাখ রুপি আত্মসাৎ

ছবি: সংগৃহীত
দিল্লিতে বিয়ের প্রতিশ্রুতি ও বিলাসবহুল জীবনযাপনের প্রলোভন দেখিয়ে প্রায় ২০ নারী পুলিশ কনস্টেবলের কাছ থেকে ২৪ লাখ রুপি হাতিয়ে নেওয়ার অভিযোগে বিক্রান্ত তোমর (২৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৪ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, ইনস্টাগ্রামে দামি গাড়ি, অভিজাত রেস্তোরাঁ ও বিলাসবহুল জীবনযাপনের ছবি ও ভিডিও পোস্ট করে নিজেকে সফল ব্যবসায়ী হিসেবে পরিচয় দিতেন বিক্রান্ত। এভাবে নারী কনস্টেবলদের সঙ্গে পরিচিত হয়ে তাদের বিয়ের প্রতিশ্রুতি দিতেন। পরে বিভিন্ন অজুহাতে তাদের কাছ থেকে টাকা নিতেন বলে অভিযোগ রয়েছে।
তদন্তে জানা গেছে, তার লিভ-ইন পার্টনার নিজেই একজন দিল্লি পুলিশের কনস্টেবল। তার মাধ্যমেই তিনি একই ব্যাচের প্রায় ২০ জন নারী কনস্টেবলের তথ্য সংগ্রহ করেন এবং বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিভিন্নভাবে তাদের ২০ জনের কাছ থেকে প্রায় ২৪ লক্ষ টাকা প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেয়।
করোল বাগ থানায় কর্মরত এক নারী কনস্টেবলের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়। পরে পুলিশ জানতে পারে, একই ব্যাচের প্রায় ২০ নারী কনস্টেবল এই প্রতারণার শিকার হয়ে থাকতে পারেন। তাদের মধ্যে কয়েকজন এখনো আনুষ্ঠানিক অভিযোগ করেননি।
প্রতারণার অর্থ লেনদেনে ‘ওয়ানএক্স’ বেটিং অ্যাপের সঙ্গে সংশ্লিষ্ট অ্যাকাউন্ট ব্যবহারের অভিযোগও তদন্ত করছে পুলিশ। কথিত জালিয়াতির অভিযোগে দিল্লি পুলিশ বিক্রান্তকে বুরারি থেকে গ্রেপ্তার করেছে।
পুলিশের তথ্য অনুযায়ী, একই ধরনের প্রতারণার অভিযোগে দিল্লিতে বিক্রান্তের বিরুদ্ধে আগে থেকেই পাঁচটি এফআইআর রয়েছে। চলতি বছরের জুনে তিনি জামিনে কারাগার থেকে মুক্তি পান। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার তদন্ত চলছে।



