আগামী ৪ অক্টোবর আনুষ্ঠানিকভাবে পিক্সেল ২ স্মার্টফোন উন্মুক্ত করবে গুগল। স্মার্টফোনটির কিছু ফিচার সম্পর্কে জানা গেলেও এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না কী থাকছে এই স্মার্টফোনে। এরই মধ্যে গুগল স্মার্টফোনটির বিভিন্ন টিজার প্রকাশ করতে শুরু করেছে।
এখন পর্যন্ত প্রকাশিত বিভিন্ন তথ্য থেকে জানা গেছে, পিক্সেল ২ স্মার্টফোন ভিন্ন দুটি মডেলে বাজারে আসবে।
অ্যান্ড্রয়েড বিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড পুলিশ জানিয়েছে, পিক্সেল ২ এবং পিক্সেল ২ এক্সএল নামে এই দুটি ফোন আনবে গুগল। এর মধ্যে এক্সএল ভ্যারিয়েন্টে থাকতে পারে ৬ ইঞ্চি ওএলইডি ডিসপ্লে। অন্যটিতে ৪.৯৭ ইঞ্চি ডিসপ্লে থাকতে পারে।
পিক্সেল ২ স্মার্টফোনটি গুগলের একটি প্রিমিয়াম ডিভাইস হবে, এমনটাই ধারণা করা হচ্ছে। পিক্সেল ফোনের দুটি মডেলের ক্ষেত্রে একই ডিজাইন থাকলেও পিক্সেল ২ এর দুটি মডেলের ভিন্ন দুই ডিজাইন ব্যবহার করা হতে পারে।
ধারণা করা হচ্ছে, দুই মডেল দুটি ভিন্ন প্রতিষ্ঠান তৈরি করবে। এর মধ্যে পিক্সেল ২ এক্সএল এলজি তৈরি করতে পারে। আর ছোট ডিসপ্লের ভ্যারিয়েন্টের নির্মাতা এইচটিসি, এমনটাই ধারণা করা হচ্ছে।
আইফোন ৭ এবং ৭ প্লাসে হেডফোন জ্যাক বাদ দিয়েছিল অ্যাপল। তবে এজন্য ভক্তদের সমালোচনার মুখে পড়েছিল অ্যাপল। ধারণা করা হচ্ছে এবার গুগলও একই পথ ধরবে। পিক্সেল ২ স্মার্টফোনে থাকবে না কোনো হেডফোন জ্যাক। এক্সডিএ প্রথম এ তথ্য জানায়। পরবর্তীতে একই তথ্য প্রকাশ করে ইভান ব্লাস যিনি আবার বিভিন্ন গ্যাজেটের তথ্য ফাঁস করার জন্য খ্যাত।
![]()
দুটি মডেলেই যে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৩৫ প্রসেসর থাকছে, তা এখন বেশ নিশ্চিত করেই বলা যায়। এছাড়া দুটি মডেলেই থাকতে পারে ৪ জিবি র্যাম। দুটি ফোনই হতে পারে পানিরোধী।
ক্যামেরায় আসা যাক। সম্প্রতি ৯টু৫গুগল এক প্রতিবেদনে জানিয়েছিল, পিক্সেল ২ স্মার্টফোনে ক্যামেরার দিকেই বেশি নজর দিচ্ছে গুগল। অল্প আলোতে দারুণ ছবি তোলা সম্ভব, এমন ক্যামেরা ফোনই ক্রেতাদের হাতে তুলে দিতে চাইছে গুগল। মেগাপিক্সেলের দিক থেকে অসাধারণ না হলেও অসাধারণ কিছু ফিচার থাকতে পারে এর ক্যামেরায়। তবে কোনোটিতেই ডুয়েল লেন্স ক্যামেরা থাকছে না সম্ভবত।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ এক প্রতিবেদনে জানিয়েছে, পিক্সেল ২ এক্সএল এর মূল্য হবে ৬৪ গিগাবাইটের জন্য ৮৪৯ ডলার এবং ১২৮ গিগাবাইটের জন্য ৯৪৯ ডলার।






