ব্রাহ্মণবাড়িয়ায় বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১৫

প্রতিনিধির পাঠানো ছবি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যাত্রীবাহী বাস ও বালুভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই বাসযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।
শনিবার (২৪ অক্টোবর) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার বেড়তলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সৌরভ (৩২) ও আসিফ (২৬)। সৌরভের বাড়ি দিনাজপুরের পার্বতীপুরে। তবে নিহত অপরজনের ঠিকানা জানা যায়নি।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, শুক্রবার (২৩ অক্টোবর) রাতে রংপুর থেকে দিগন্ত পরিবহনের একটি যাত্রীবাহী বাস সিলেটের উদ্দেশে রওনা দেয়। শনিবার সকালে বেড়তলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালুভর্তি ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি সড়কে উল্টে যায়।
পরে পুলিশ ও স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সৌরভ ও আসিফের মৃত্যু হয়।
আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকায় পাঠানো হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ওসি আব্দুল হালিম।






