আগামী মাসে অর্থাৎ অক্টোবরে আসতে পারে গুগলের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন পিক্সেল ২। তবে স্মার্টফোনটি নিয়ে এখন থেকেই চলছে বিস্তর আলোচনা। ইতোমধ্যে ফোনটির বিভিন্ন সম্ভাব্য ফিচার সম্পর্কে প্রতিবেদন প্রকাশ করেছে প্রযুক্তিভিত্তিক বিভিন্ন ওয়েবসাইট।
প্রকাশিত এসব প্রতিবেদনে বলা হয়েছে, পিক্সেল ২ স্মার্টফোনে ব্যবহার করা হতে পারে কোয়ালকম স্নাপড্রাগন ৮৩৫ চিপসেট। সম্প্রতি বাজারে আসা হাইএন্ড ডিভাইস গ্যালাক্সি নোট ৮ এবং এলজি ভি৩০ স্মার্টফোনেও একই চিপসেট ব্যবহার করা হয়েছে।
পিক্সেল ২ স্মার্টফোনের জন্য এইচটিসি’র সাথে চুক্তিবদ্ধ হয়েছে গুগল। তবে পিক্সেল ২ এক্সএল ভ্যারিয়েন্ট তৈরি করতে পারে এলজি। ধারণা করা হচ্ছে, স্মার্টফোন দুটিতে থাকতে পারে ৪.৯৭ ইঞ্চি এবং ৫.৯৯ ইঞ্চি ওএলইডি ডিসপ্লে। অপারেটিং সিস্টেম হিসেবে দুটি ফোনেই থাকবে অ্যান্ড্রয়েড ৮.০ ওরিও।








