ক্রিকেট

অ্যাশেজ বিপর্যয়ের পর ইংলিশ কোচ বরখাস্ত

ইংলিশ ক্রিকেট কোচের ছবি, তিনি প্রশিক্ষণের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

ইংলিশ ক্রিকেট কোচ একটি প্রশিক্ষণ মাঠে দাঁড়িয়ে আছেন, তিনি তার দলের জন্য পরিকল্পনা করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়ার মাটিতে অ্যাশেজ বিপর্যয়ের পর বরখাস্ত হলেন ইংলিশ কোচ ক্রিস সিলভারউড। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) ম্যানেজিং ডিরেক্টর অ্যাশলে জাইলস তার দায়িত্ব থেকে স্বেচ্ছায় সরে যাওয়ার ঘটনার ২৪ ঘণ্টা পেরোতেই ইংলিশ কোচ বরখাস্ত হলেন।

অস্ট্রেলিয়ার মাটিতে অ্যাশেজ সিরিজে ইংল্যান্ডের ভরাডুবি হয়েছে। ৪-০ ব্যবধানে বরণ করতে হয়েছে সিরিজ পরাজয়। চতুর্থ টেস্টে কোনোরকমে ড্র করে হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে পেরেছে ইংলিশরা। এর জেরেই একের পর এক পরিবর্তন আসছে ইংলিশ ক্রিকেটে।

সিলভারউডকে বরখাস্তের পর আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে সাবেক ওপেনার অ্যান্ড্রু স্ট্রাউসকে অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব দেয়া হয়েছে।

২০১৯ সালে ইংল্যান্ড ওয়ানডে বিশ্বকাপ জয়ের পর ট্রেভর বেলিস হেড কোচের পদ থেকে স্বেচ্ছায় সরে যান। বেলিসের সহকারী সিলভারউড হেড কোচের দায়িত্বে এসেছিলেন।

বরখাস্ত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় সিলভারউড বলেন, ‘ইংল্যান্ডের প্রধান কোচ হওয়াটা খুবই সম্মানের বিষয় এবং আমাদের খেলোয়াড় ও কর্মীদের সাথে কাজ করতে পেরে আমি অত্যন্ত গর্বিত। আমার দায়িত্ব থাকাকালীন সময়ে তারা যে কঠোর পরিশ্রম করেছে এবং প্রতিশ্রুতি দিয়েছে, তার জন্য আমি তাদের সকলকে ধন্যবাদ জানাতে চাই। আমি তাদের সকলকে এগিয়ে যাওয়ার শুভ কামনা জানাই।’

‘গত দুই বছর ছিল খুব চাহিদাপূর্ণ। কিন্তু আমি সত্যিই দলের সঙ্গে আমার সময় উপভোগ করেছি। আমি চ্যালেঞ্জগুলো বিবেচনায় নিয়ে এই দলের জন্য খুব গর্বিত। দারুণ স্মৃতি নিয়ে চলে যাচ্ছি। আমি এখন আমার পরিবারের সাথে বাড়িতে কিছু ভালো সময় কাটাতে এবং পরবর্তী অধ্যায়কে আলিঙ্গন করার অপেক্ষায় আছি।’

ইসিবির সিইও টম হ্যারিসন এক বিবৃতিতে বলেন, ‘নিজের দায়িত্বে থাকাকালীন ক্রিস (সিলভারউড) এটিকে সফল করার জন্য একেবারে সবকিছু দিয়েছেন। তিনি একজন মহান সততার মানুষ, যার সাথে খেলোয়াড় এবং কর্মীরা একইভাবে কাজ করে উপভোগ করেছেন।’

‘তিনি ইংলিশ ক্রিকেটের জন্য একটি অবিশ্বাস্যভাবে চ্যালেঞ্জিং সময়ের মধ্য দিয়ে অত্যন্ত স্থিতিশীল এবং সহানুভূতির সঙ্গে ইংল্যান্ডের পুরুষ দলকে নেতৃত্ব দিয়েছেন এবং তিনি আমাদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতার দাবিদার।’

কোভিড মহামারি ইংল্যান্ড দলের জন্য জটিল পরিস্থিতি তৈরি করে। ২০২০ সালে পুরো গ্রীষ্ম মৌসুমে খেলা বন্ধ থাকার পর তা শুরু হলেও জৈব সুরক্ষা বলয়ে ক্রিকেটাররা ছিল। অনেক ক্রিকেটারই জৈব সুরক্ষা বলয়ে মানসিকভাবে হয়ে পড়েছিলেন বিপর্যস্ত।

সিলভারউডের তত্ত্বাবধানে শেষ ১২ মাস দলের ফর্ম ছিল বাজে। এ সময় ইংল্যান্ড তাদের শেষ ১৪ টেস্টের মধ্যে একটি জিতেছে এবং ১০টিতে হেরেছে।

তারপরও গত মাসে ক্রিস সিলভারউডের দায়িত্ব চালিয়ে যাওয়ার কথা বলে তাকে সমর্থন জানিয়েছিলেন ইংলিশদের টেস্ট অধিনায়ক জো রুট। সিলভারউডের দায়িত্ব চালিয়ে যাওয়ার ব্যাপারেও ইতিবাচক ছিলেন ইংলিশ ক্যাপ্টেন।

বিষয়:ইংল্যান্ড ইসিবি জাইলস সিলভারউড স্ট্রাউস হ্যারিসন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…