আন্তর্জাতিক

অস্ট্রেলিয়ার ২৯তম প্রধানমন্ত্রী হচ্ছেন ম্যালকম টার্নবুল

অস্ট্রেলিয়ার ২৯তম প্রধানমন্ত্রী হচ্ছেন ম্যালকম টার্নবুল

অস্ট্রেলিয়ায় পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন সাবেক যোগাযোগমন্ত্রী ম্যালকম টার্নবুল। সোমবার সন্ধ্যায় দেশটির ক্ষমতাসীন দল লিবারেল পার্টির সদস্যদের ভোটাভুটিতে বর্তমান প্রধানমন্ত্রী টনি অ্যাবোটকে হারিয়ে দলের নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন টার্নবুল। এর ফলে দেশটির ২৯তম প্রধানমন্ত্রী হচ্ছেন ম্যালকম টার্নবুল।

গত কয়েকদিন ধরেই অস্ট্রেলিয়ার ক্ষমতাসীন লিবারেল পার্টির মধ্যে নেতৃত্বের টানাপড়েন চলছিল। এমন পরিস্থিতিতে নিজ দলের মধ্যে টনি অ্যাবটের প্রতি বিরোধিতা শুরু হলে, দলের ভাবমূর্তি বাড়াতে নেতৃত্বে পরিবর্তন আনার দাবি ওঠে দলের মধ্যেই। এমন অবস্থায় ম্যালকম টার্নবুল সোমবার বিকেলে ক্যানবেরায় অ্যাবটের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দেন। বলেন টনি অ্যাবট প্রধানমন্ত্রী থাকলে আসন্ন সাধারণ নির্বাচনে বর্তমান জোট সরকারকে পরাজয় বরণ করতে হবে।

টার্নবুল বলেন, টনি অ্যাবট দ্রুততার সঙ্গে কোনো সিদ্ধান্ত নিতে পারেন না। দেশটির চলমান অর্থনৈতি সংকটে নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা তার নেই। অস্ট্রেলিয়া চায় এখন নতুন ধারার নেতৃত্ব।

এর আগে নিজ দলের বিদ্রোহীরা প্রধানমন্ত্রী টনি অ্যাবটের প্রতি অনাস্থা প্রকাশ করেন। এর পর দ্রুতই আস্থা ভোটের ঘোষণা দেওয়া হয়। ভোটে টনি অ্যাবট পান ৪৪ জনের সমর্থন। ম্যালকম টার্নবুল পান ৫৪ ভোট। এর মধ্য দিয়ে ক্ষমতাসীন লিবারেল পার্টির নেতৃত্ব নেন টার্নবুল।

সাত মাস আগে লিবারেল পার্টির নেতৃত্বের চ্যালেঞ্জে জয়ী হন অ্যাবোট। তবে এবার তিনি হারলেও আবারো ডেপুটি প্রধান হিসেবে জুলি বিশপকেই চাইছেন লিবারেল পার্টির সদস্যরা। অ্যাবোট গভর্নর জেনারেলের কাছে পদত্যাগপত্র দিলেই ২০১৩ সাল থেকে দুই বছরের মধ্যে দেশটির চতুর্থ প্রধানমন্ত্রী হিসেবে টার্নবুলের শপথ নেয়ার প্রক্রিয়া শুরু হবে।

ধারণা করা হচ্ছে, প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর ম্যালকম টার্নবুল অস্ট্রেলিয়ার মন্ত্রিসভায় বড় পরিবর্তন আনতে পারেন। এতদিন টনি অ্যাবটের নেতৃত্বে থাকা সামনের বেঞ্চের অনেকেই পদ থেকে সরে যেতে পারেন। তবে অনেকেই আবার স্বপদেই থাকতে পারেন।

বিষয়:টনি অ্যাবোট টার্নবুল ম্যালকম টার্নবুল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…