অস্ট্রেলিয়ায় ৯ দলের আসরে ফাইনালে উঠল আকবরের দল

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে আনন্দের সাথে উদযাপন করছে, সম্ভবত জয় বা গুরুত্বপূর্ণ মুহূর্তের সময়।. Channel i News – চ্যানেল আই নিউজ
অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টুয়েন্টি সিরিজে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিট। রোববার দিনের প্রথম সেমিফাইনালে আকবর আলীর দল হারায় নর্দার্ন টেরিটরিকে। দেড়শর কম পুঁজি নিয়েও দুর্দান্ত বোলিং নৈপুণ্যে ২১ রানের জয়ে ফাইনালের টিকিট কাটে সফরকারীরা শিরোপার লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ বিগ ব্যাশের দল অ্যাডিলেড স্ট্রাইকার্স।
টসে হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। প্রথম ওভারেই সাজঘরে ফেরেন জিসান আলম। ১১ বলে ১৬ করে আউট হন আরেক ওপেনার তানজিদ হাসান তামিম।
আফিফ হোসেনের সঙ্গে জুটি গড়ে পারভেজ হোসেন ইমন এগিয়ে নেন ইনিংস। দলীয় ৬২ রানে আফিফ ফেরেন সাজঘরে। আউট হওয়ার আগে ১৬ বলে করেন ২২ রান। এর পরের ওভারেই এলবিডব্লিউর ফাঁদে পড়েন ইমন। করেন ২৩ বলে ১৭। উইকেটে এসে ৩ রান করে ফিরে যান অধিনায়ক আকবর।
এরপর দলের হাল ধরেন শামীম হোসেন পাটোয়ারি। তার সঙ্গে হাত খুলে খেলেন মাহফুজুর রহমান রাব্বি। ৩৬ বলে ৪১ রান করে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন শামীম। গত ম্যাচে পার্থের বিপক্ষে ১৩ বলে ৩২ রানের দুর্দান্ত ক্যামিও খেলা রাব্বি এ ম্যাচে করেছেন ২০ বলে ২১ রান। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে বাংলাদেশ তোলে ১৩৮।।
রিপন মন্ডল ও রাকিবুল হাসানের দুর্দান্ত বোলিংয়ে ১১৭ রানেই থেমে যায় নর্দার্ন টেরিটরির ইনিংস। দলের হয়ে সর্বোচ্চ ৩৪ রান করেছেন ওপেনার জেক ওয়েদারল্ড। রিপন তিনটি ও রাকিবুল দুটি উইকেট নেন। আবু হায়দার রনি ও আলিস আল ইসলাম নেন ১টি করে উইকেট।






