মৃত্যুর দুইশ বছর পরও শ্রদ্ধার এক নাম দানবীর হাজী মুহম্মদ মুহসীন

ছবি: সংগৃহীত
বিপুল সম্পদের মালিক হয়েও বেছে নিয়েছিলেন অত্যন্ত সাধারণ জীবন। নিজের সুখ-স্বাচ্ছন্দ্যের চেয়ে মানুষের কল্যাণকেই দিয়েছিলেন বেশি গুরুত্ব। তার দানে শিক্ষার আলো পেয়েছে প্রজন্মের পর প্রজন্ম। দানশীলতা, মানবিকতা ও পরোপকারের অনন্য দৃষ্টান্ত স্থাপনকারী সেই মহৎ মানুষ হাজী মুহম্মদ মুহসীন। আজ ২৯ নভেম্বর, তার ২১৪তম মৃত্যুবার্ষিকী।
১৭৩২ সালে ভারতের পশ্চিমবঙ্গের হুগলীতে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন হাজী মুহম্মদ মুহসীন। ছোটবেলা থেকেই জ্ঞানার্জন ও ধর্মীয় শিক্ষার প্রতি ছিল তার গভীর অনুরাগ। আরবি ও ফারসি ভাষায় শিক্ষা লাভের পাশাপাশি জ্ঞানার্জনের উদ্দেশ্যে ভ্রমণ করেন বিভিন্ন দেশ। পবিত্র হজ পালন করেন মক্কায়।
উত্তরাধিকারসূত্রে বিপুল সম্পত্তির মালিক হলেও ধনসম্পদ ও বিলাসিতার প্রতি তার কোনো মোহ ছিল না। অত্যন্ত সাদাসিধে জীবনযাপন করতেন তিনি। দরিদ্র, অসহায় ও বিপন্ন মানুষের পাশে দাঁড়ানোই ছিল তার জীবনের অন্যতম লক্ষ্য।
বাংলায় দুর্ভিক্ষের সময় ক্ষুধার্ত মানুষের সাহায্যে এগিয়ে আসেন মুহসীন। অসহায় মানুষের খাদ্যের ব্যবস্থা করতে খুলেছিলেন লঙ্গরখানা। মানবকল্যাণে উদারভাবে ব্যয় করেছেন নিজের সম্পদ।
১৮০৬ সালে নিজের বিপুল সম্পত্তি ওয়াক্ফ করে একটি তহবিল প্রতিষ্ঠা করেন হাজী মুহম্মদ মুহসীন। পরবর্তী সময়ে এটি ‘মুহসীন তহবিল’ নামে পরিচিতি লাভ করে। এই তহবিল বাংলার শিক্ষা বিস্তার ও জনকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তার দান করা সম্পদের অর্থে গড়ে ওঠে শিক্ষাপ্রতিষ্ঠান। দরিদ্র শিক্ষার্থীদের জন্য চালু হয় শিক্ষাবৃত্তি। বিশেষ করে পিছিয়ে পড়া মুসলিম জনগোষ্ঠীর শিক্ষার সুযোগ সম্প্রসারণে এই তহবিলের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।
ভারতের হুগলী মুহসীন কলেজ, চট্টগ্রামের সরকারি হাজী মুহম্মদ মুহসীন কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান আজও বহন করছে তাঁর স্মৃতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলও তার নামাঙ্কিত।
১৮১২ সালের ২৯ নভেম্বর হুগলীতে মৃত্যুবরণ করেন হাজী মুহম্মদ মুহসীন। সেখানেই তাকে সমাহিত করা হয়।
মৃত্যুর পর দুই শতাব্দীরও বেশি সময় পেরিয়ে গেলেও তার কীর্তি ম্লান হয়নি। বাংলার সমাজে দানশীলতার প্রতিশব্দ হয়ে উঠেছে তাঁর নাম।
সম্পদ ও ব্যক্তিগত প্রাচুর্য অর্জনের প্রতিযোগিতায় ব্যস্ত বর্তমান পৃথিবীতে হাজী মুহম্মদ মুহসীনের জীবন ও কর্ম বিশেষ তাৎপর্য বহন করে। তাঁর জীবন শেখায়, সম্পদের প্রকৃত মূল্য নিহিত রয়েছে মানুষের কল্যাণে তার ব্যবহারের মধ্যেই।
মানবিকতা, পরোপকার ও সামাজিক দায়বদ্ধতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হাজী মুহম্মদ মুহসীন। ইতিহাসের পাতায় তিনি শুধু একজন দানবীর নন, মানবকল্যাণে নিবেদিত জীবনের এক অনন্য প্রতীক।


