দিনাজপুরে জেঁকে বসেছে শীত, তাপমাত্রা নেমেছে ১১ ডিগ্রি সেলসিয়াস

ছবি: প্রতিনিধির পাঠানো তথ্য চিত্র থেকে নেওয়া
রোববার (২৯ নভেম্বর) সকাল ৯টায় দিনাজপুরে ১৪ ডিগ্রি এবং পঞ্চগড়ে ১১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
শীতের তীব্রতা বাড়ায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ। দিনাজপুর শহরের শ্রমিকের হাট হিসেবে পরিচিত ষষ্ঠীতলা মোড়ে সকাল পৌনে ১১টায়ও শ্রমিকদের জড়োসড়ো হয়ে কাজের অপেক্ষায় বসে থাকতে দেখা গেছে।
৬০ বছর বয়সী শ্রমিক মমিনুল ইসলাম বলেন, কি করিম বাহে। হামরা সারাদিন মানুষের ঠেনা (কাছে) কাজ করি, আর রাইতত (রাতে) বাজার করিয়া বাড়িত ফিরি। কিন্তু এই ঠান্ডাত কোন্ঠেও ঠিকমতোন কাজ করিবার পারছু না। এইথেনা (এখানে) বয়স্ক লোক দেখিলে কেউ কাজে নেবার চাহে না। আইজকা কোনো ঠেনা (কোথাও) কাজ না পাইলে মোর (আমার) পরিবার কিভাবে চলিবে।
দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফায়েল হোসেন জানান, হিমালয়ের পাদদেশে অবস্থিত হওয়ায় বৃহত্তর দিনাজপুরের তিন জেলা দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড়ে শীত জেঁকে বসেছে। আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও কমতে পারে।
এদিকে, গত কয়েক দিন ধরে শীতের তীব্রতা বাড়ায় শিশু ও বয়স্কদের মধ্যে ঠান্ডাজনিত রোগের প্রকোপ বেড়েছে। বিশেষ করে নিউমোনিয়া ও ঠান্ডাজনিত ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে।






