সিক্সটিন ডেইজ অ্যাক্টিভিজম: সহিংসতা প্রতিরোধের সীমানা পেরিয়ে নারীর সমঅধিকারের লড়াই

ছবি: সংগৃহীত
নারীর সমমর্যাদা, স্বাধীনতা, সম্পদ ও উৎপাদন উপকরণের ওপর অধিকার এবং রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণে সমান অংশীদারত্ব প্রতিষ্ঠাই হোক বাংলাদেশের নারী আন্দোলনের আগামী দিনের অঙ্গীকার।
প্রতি বছর ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত বিশ্বজুড়ে পালিত হয় ‘নারীর প্রতি ও লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে সিক্সটিন ডেইজ অ্যাক্টিভিজম’ (16 Days of Activism against Gender-Based Violence)। ১৯৯১ সালে যুক্তরাষ্ট্রের রাটগার্স বিশ্ববিদ্যালয়ের Center for Women’s Global Leadership (CWGL)-এর উদ্যোগে আন্তর্জাতিক নারী অধিকারকর্মীরা এই প্রচারণা শুরু করেন। ২৫ নভেম্বর নারীর প্রতি সহিংসতা বিলোপে আন্তর্জাতিক দিবস থেকে ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস পর্যন্ত সময়কে যুক্ত করে তাঁরা প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন যে, নারীর প্রতি সহিংসতা কোনো বিচ্ছিন্ন পারিবারিক বা সামাজিক সমস্যা নয়; এটি মানবাধিকার লঙ্ঘন এবং বৈষম্যমূলক ক্ষমতাকাঠামোর বহিঃপ্রকাশ। বাংলাদেশের প্রেক্ষাপটে এই কর্মসূচির তাৎপর্য তাই সহিংসতা প্রতিরোধের পাশাপাশি নারীর সমান নাগরিকত্ব, স্বাধীনতা, সম্পদ ও শ্রমের অধিকার এবং রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণে সমান অংশীদারত্ব প্রতিষ্ঠার সংগ্রামের সঙ্গে গভীরভাবে যুক্ত।
সহিংসতা: ব্যক্তিগত সমস্যা নয়, কাঠামোগত বৈষম্যের বহিঃপ্রকাশ
নারীর প্রতি সহিংসতাকে দীর্ঘদিন ধরে সমাজে পারিবারিক বিরোধ, ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন কিংবা বিচ্ছিন্ন অপরাধ হিসেবে বিবেচনা করা হয়েছে। এই দৃষ্টিভঙ্গি সহিংসতার গভীর সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক কারণগুলোকে আড়াল করে। বাস্তবে নারীর প্রতি সহিংসতা এমন এক ক্ষমতাকাঠামোর সঙ্গে সম্পর্কিত, যেখানে নারী ও পুরুষের মধ্যে ক্ষমতা, সম্পদ, সুযোগ এবং সিদ্ধান্ত গ্রহণের অধিকার সমানভাবে বণ্টিত নয়। পরিবার, কর্মক্ষেত্র, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক প্রতিষ্ঠান এবং রাষ্ট্রীয় কাঠামোর বিভিন্ন স্তরে এই বৈষম্য নানাভাবে পুনরুৎপাদিত হয়।
নারীর শরীর, চলাচল, পোশাক, সম্পর্ক, পেশা, আয় এবং জীবনযাপনের সিদ্ধান্ত নিয়ন্ত্রণের প্রবণতা পিতৃতান্ত্রিক ক্ষমতারই প্রকাশ। যৌন হয়রানি, ধর্ষণ, পারিবারিক নির্যাতন, যৌতুকের জন্য নির্যাতন, বাল্যবিবাহ, অ্যাসিড সহিংসতা, অনলাইন হয়রানি, কর্মক্ষেত্রে বৈষম্য এবং নারীর মতপ্রকাশ ও চলাচলের স্বাধীনতায় বাধা একই বৃহত্তর বৈষম্যমূলক ব্যবস্থার বিভিন্ন রূপ। ফলে সহিংসতা প্রতিরোধের কার্যকর কৌশল কেবল আইন প্রয়োগ বা অপরাধীর শাস্তি নিশ্চিত করার মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে না। এর জন্য প্রয়োজন নারীর প্রতি সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন, অর্থনৈতিক নির্ভরশীলতা হ্রাস, সম্পদের ওপর অধিকার, ন্যায়সংগত শ্রমবণ্টন এবং সিদ্ধান্ত গ্রহণের কাঠামোয় নারীর সমান ক্ষমতা প্রতিষ্ঠা।
নারীবাদী চিন্তাধারার বিভিন্ন ধারা এই বৈষম্যকে ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করেছে। উদারপন্থী নারীবাদ আইনগত সমতা, শিক্ষা, কর্মসংস্থান ও রাজনৈতিক প্রতিনিধিত্বের ওপর গুরুত্ব দেয়। র্যাডিক্যাল নারীবাদ পিতৃতান্ত্রিক ক্ষমতা ও নারীর শরীরের ওপর নিয়ন্ত্রণকে বৈষম্যের কেন্দ্রে স্থাপন করে। মার্কসবাদী ও সমাজতান্ত্রিক নারীবাদ দেখায়, নারীর অধস্তন অবস্থান কেবল সামাজিক রীতিনীতি দিয়ে ব্যাখ্যা করা যায় না; উৎপাদন উপকরণের মালিকানা, শ্রেণিবৈষম্য, শ্রমের অসম মূল্যায়ন এবং গৃহস্থালি ও পরিচর্যার অবৈতনিক কাজের সঙ্গেও এর গভীর সম্পর্ক রয়েছে। অন্যদিকে, আন্তঃসংযোগমূলক নারীবাদ (Intersectional Feminism) তুলে ধরে যে, সব নারী একই ধরনের বৈষম্য বা সহিংসতার শিকার হন না। শ্রেণি, জাতিগত পরিচয়, ধর্ম, প্রতিবন্ধিতা, বয়স, যৌন পরিচয়, পেশা ও ভৌগোলিক অবস্থানের ভিত্তিতে বৈষম্যের অভিজ্ঞতা ভিন্ন হয় (Crenshaw, 1989)। বাংলাদেশের নারী আন্দোলনকে এই বহুমাত্রিক বাস্তবতা বিবেচনায় নিয়েই এগোতে হবে।
বৈশ্বিক অঙ্গীকার: অধিকার স্বীকৃতি থেকে বাস্তবায়নের দায়
নারীর সমতা ও অধিকার প্রতিষ্ঠার আন্তর্জাতিক কাঠামো এক দিনে গড়ে ওঠেনি। ১৯৪৮ সালের সর্বজনীন মানবাধিকার ঘোষণাপত্রে (Universal Declaration of Human Rights) নারী-পুরুষ নির্বিশেষে সব মানুষের সমান মর্যাদা ও অধিকারের স্বীকৃতি দেওয়া হয়। ১৯৭৯ সালে গৃহীত নারীর প্রতি সব ধরনের বৈষম্য বিলোপ সনদ (Convention on the Elimination of All Forms of Discrimination against Women বা CEDAW) নারীর প্রতি বৈষম্য দূর করার ক্ষেত্রে রাষ্ট্রের দায়িত্ব ও বাধ্যবাধকতা নির্ধারণ করে। বাংলাদেশ ১৯৮৪ সালের ৬ নভেম্বর এই সনদে যোগদান করে। তবে বাংলাদেশ শুরুতে সনদের ২, ১৩(ক) এবং ১৬(১)(গ) ও ১৬(১)(চ) অনুচ্ছেদে সংরক্ষণ আরোপ করেছিল।
পরবর্তী সময়ে ১৯৯৭ সালের ২৩ জুলাই ১৩(ক) ও ১৬(১)(চ) অনুচ্ছেদের ওপর থেকে সংরক্ষণ প্রত্যাহার করা হয়। ফলে বর্তমানে বাংলাদেশের সংরক্ষণ বহাল রয়েছে দুটি গুরুত্বপূর্ণ অনুচ্ছেদে: অনুচ্ছেদ ২, যেখানে নারীর প্রতি বৈষম্য বিলোপে রাষ্ট্রের আইনগত ও নীতিগত দায়িত্ব নির্ধারণ করা হয়েছে; এবং অনুচ্ছেদ ১৬(১)(গ), যেখানে বিবাহ এবং বিবাহবিচ্ছেদের ক্ষেত্রে নারী-পুরুষের সমান অধিকার ও দায়িত্বের স্বীকৃতি দেওয়া হয়েছে। এই দুটি অনুচ্ছেদে সংরক্ষণ বহাল থাকা আন্তর্জাতিক অঙ্গীকারের সঙ্গে জাতীয় আইন, বিশেষত পারিবারিক আইন ও বাস্তবতার সামঞ্জস্য নিশ্চিত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে।
১৯৯২ সালের রিও ধরিত্রী সম্মেলন পরিবেশ, উন্নয়ন ও সিদ্ধান্ত গ্রহণে নারীর অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরে। ১৯৯৩ সালের ভিয়েনা বিশ্ব মানবাধিকার সম্মেলন নারীর অধিকারকে মানবাধিকারের অবিচ্ছেদ্য অংশ হিসেবে প্রতিষ্ঠার আন্তর্জাতিক আন্দোলনকে শক্তিশালী করে। ১৯৯৫ সালে বেইজিংয়ে অনুষ্ঠিত চতুর্থ বিশ্ব নারী সম্মেলন এবং গৃহীত Beijing Declaration and Platform for Action নারীর ক্ষমতায়ন, শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি, রাজনৈতিক অংশগ্রহণ, মানবাধিকার ও সহিংসতা প্রতিরোধে একটি বিস্তৃত কর্মপরিকল্পনা নির্ধারণ করে।
সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (MDGs) এবং পরবর্তী সময়ে ২০১৫ সালে গৃহীত টেকসই উন্নয়ন অভীষ্ট (SDGs) নারী-পুরুষের সমতা ও নারীর ক্ষমতায়নকে উন্নয়নের গুরুত্বপূর্ণ শর্ত হিসেবে স্বীকৃতি দিয়েছে। বিশেষ করে এসডিজি ৫ লিঙ্গসমতা এবং সব নারী ও কন্যাশিশুর ক্ষমতায়ন নিশ্চিত করার কথা বলে; এসডিজি ১৬ শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক সমাজ এবং জবাবদিহিমূলক প্রতিষ্ঠান প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দেয়। অন্যদিকে, ২০০০ সালে গৃহীত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব ১৩২৫ (UNSCR 1325) সংঘাত প্রতিরোধ, শান্তি প্রতিষ্ঠা ও পুনর্গঠনে নারীর সমান অংশগ্রহণের প্রয়োজনীয়তা স্বীকার করে।
এসব আন্তর্জাতিক অঙ্গীকারের মূল তাৎপর্য হলো, নারীকে উন্নয়নের সুবিধাভোগী হিসেবে নয়, বরং অধিকারসম্পন্ন নাগরিক, সম্পদ ও সিদ্ধান্তের ওপর দাবিদার এবং সমাজ ও রাষ্ট্রের পরিবর্তনের সক্রিয় অংশীদার হিসেবে স্বীকৃতি দেওয়া। কিন্তু আন্তর্জাতিক সনদ ও ঘোষণায় অধিকার স্বীকৃত হলেই বাস্তবে সমতা প্রতিষ্ঠিত হয় না। এর জন্য প্রয়োজন জাতীয় আইন, নীতি, বাজেট, প্রতিষ্ঠান এবং রাজনৈতিক সদিচ্ছার কার্যকর সমন্বয়।
বাংলাদেশের নারী আন্দোলন: দীর্ঘ সংগ্রাম ও অর্জনের ইতিহাস
বাংলাদেশে নারী অধিকার আন্দোলনের ইতিহাস স্বাধীনতার পরবর্তী সময়ের মধ্যে সীমাবদ্ধ নয়। বেগম রোকেয়ার শিক্ষা, নারীজাগরণ ও মুক্তচিন্তার আন্দোলন, ঔপনিবেশিক শাসনবিরোধী সংগ্রামে নারীর অংশগ্রহণ, ভাষা আন্দোলন, গণতান্ত্রিক আন্দোলন এবং মহান মুক্তিযুদ্ধে নারীর সক্রিয় ভূমিকা এই ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে নারীরা প্রত্যক্ষভাবে যুদ্ধে অংশগ্রহণ করেছেন, সংগঠক ও সহায়ক হিসেবে কাজ করেছেন এবং ব্যাপক যৌন সহিংসতার শিকার হয়েছেন। স্বাধীনতার পর তাদের অবদান ও অভিজ্ঞতার যথাযথ স্বীকৃতি এবং ন্যায়বিচারের দাবি নারী আন্দোলনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে।
১৯৭০ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ মহিলা পরিষদ স্বাধীনতার আগেই নারী অধিকার প্রতিষ্ঠার সংগঠিত আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পরবর্তী সময়ে নারীপক্ষ, বাংলাদেশ নারী প্রগতি সংঘ, উইমেন ফর উইমেন, নারী মৈত্রী, বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি, আইন ও সালিশ কেন্দ্রসহ বিভিন্ন সংগঠন নারী অধিকার, আইন সংস্কার, সহিংসতা প্রতিরোধ, আইনি সহায়তা, গবেষণা, নীতিপ্রভাব এবং সামাজিক সচেতনতা তৈরিতে কাজ করেছে। এসব সংগঠনের আন্দোলন ও ধারাবাহিক প্রচেষ্টায় নারীর প্রতি সহিংসতা এবং বৈষম্যের অনেক বিষয় সামাজিক ও রাজনৈতিক আলোচনার কেন্দ্রে এসেছে।
বাংলাদেশের নারী আন্দোলনের একটি বড় অর্জন হলো, একসময় যেসব বিষয়কে পারিবারিক বা ব্যক্তিগত সমস্যা হিসেবে বিবেচনা করা হতো, সেগুলোকে এখন ক্রমশ জনপরিসর, আইন, নীতি ও মানবাধিকারের প্রশ্ন হিসেবে স্বীকৃতি দেওয়া হচ্ছে। তবে এই অগ্রগতি অসম্পূর্ণ। নারীর শিক্ষা ও কর্মসংস্থানে অংশগ্রহণ বেড়েছে, কিন্তু সম্পদের মালিকানা, শ্রমের ন্যায্য মূল্য, রাজনৈতিক ক্ষমতা এবং পরিবার ও সমাজে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বৈষম্য এখনো প্রবল।
আইন ও নীতিগত অর্জন: অগ্রগতি আছে, বাস্তবায়নের ঘাটতিও রয়েছে
বাংলাদেশে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও অধিকার সুরক্ষায় কয়েক দশকে বেশ কিছু গুরুত্বপূর্ণ আইন ও নীতি প্রণীত হয়েছে। যৌতুক নিরোধ আইন ১৯৮০ (পরবর্তীতে পুরোনো আইনটি রহিত করে যৌতুক নিরোধ আইন, ২০১৮ প্রণয়ন করা হয়, যা ১ অক্টোবর ২০১৮ তারিখে কার্যকর হয়।), নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০, অ্যাসিড অপরাধ দমন আইন ২০০২, অ্যাসিড নিয়ন্ত্রণ আইন ২০০২, পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) আইন ২০১০ এবং বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এ ক্ষেত্রে উল্লেখযোগ্য। ২০০৯ সালে হাইকোর্টের যৌন হয়রানি প্রতিরোধসংক্রান্ত নির্দেশনাও শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে সুরক্ষার জন্য গুরুত্বপূর্ণ ভিত্তি তৈরি করেছে। জাতীয় নারী উন্নয়ন নীতি ২০১১ নারীর শিক্ষা, কর্মসংস্থান, রাজনৈতিক ক্ষমতায়ন, অর্থনৈতিক অধিকার ও সামাজিক মর্যাদা প্রতিষ্ঠার ক্ষেত্রে রাষ্ট্রের নীতিগত অঙ্গীকার তুলে ধরে।
এসব আইন ও নীতির মাধ্যমে সহিংসতার বিভিন্ন ধরনকে আইনি ও প্রাতিষ্ঠানিকভাবে মোকাবিলার সুযোগ তৈরি হয়েছে। কিন্তু আইন প্রণয়ন এবং বাস্তবায়নের মধ্যে এখনো বড় ব্যবধান রয়েছে। মামলা গ্রহণে অনীহা, তদন্তে দীর্ঘসূত্রতা, সাক্ষী ও ভুক্তভোগীর নিরাপত্তার ঘাটতি, বিচারপ্রক্রিয়ায় বিলম্ব, সামাজিক চাপ, আর্থিক অসচ্ছলতা এবং প্রভাবশালী ব্যক্তির হস্তক্ষেপ অনেক ক্ষেত্রে ন্যায়বিচারের পথ বাধাগ্রস্ত করে। আইন সম্পর্কে সাধারণ মানুষের অজ্ঞতা এবং স্থানীয় পর্যায়ে সেবা ও সহায়তার সীমাবদ্ধতাও ভুক্তভোগী নারীদের জন্য বড় প্রতিবন্ধকতা।
আইনের কার্যকারিতা নির্ভর করে শুধু শাস্তির বিধান থাকার ওপর নয়; বরং অভিযোগ জানানোর নিরাপদ পরিবেশ, সংবেদনশীল তদন্ত, দ্রুত বিচার, আইনি সহায়তা, আশ্রয়, স্বাস্থ্যসেবা, মনোসামাজিক সহায়তা এবং পুনর্বাসনের সমন্বিত ব্যবস্থার ওপর। একই সঙ্গে সহিংসতার শিকার নারীর প্রতি সামাজিক দোষারোপ ও অপমানের সংস্কৃতি পরিবর্তন করাও জরুরি।
সহিংসতার বাস্তবতা: পরিসংখ্যানের আড়ালে নারীর জীবন
বাংলাদেশে নারীর প্রতি সহিংসতার ব্যাপকতা নিয়ে বিভিন্ন সময়ে সরকারি ও বেসরকারি পর্যায়ে গবেষণা ও জরিপ পরিচালিত হয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS) এবং জাতিসংঘ জনসংখ্যা তহবিল (UNFPA) পরিচালিত ২০২৪ সালের নারী নির্যাতনবিষয়ক জরিপের ফলাফল পরিস্থিতির গভীরতা তুলে ধরে। জরিপ অনুযায়ী, বিবাহিত হয়েছেন এমন নারীদের ৭৫.৯ শতাংশ জীবনের কোনো না কোনো সময়ে স্বামী বা সঙ্গীর দ্বারা অন্তত এক ধরনের সহিংসতার অভিজ্ঞতার কথা জানিয়েছেন। গত ১২ মাসে এ ধরনের সহিংসতার অভিজ্ঞতা জানিয়েছেন ৪৮.৭ শতাংশ নারী (BBS & UNFPA, 2025)।
এই পরিসংখ্যান কেবল নির্যাতনের সংখ্যা বা হার নির্দেশ করে না; বরং নারীর দৈনন্দিন জীবনে নিরাপত্তাহীনতা, ভয়, অসম ক্ষমতাসম্পর্ক এবং স্বাধীনতার সীমাবদ্ধতার বাস্তবতাও তুলে ধরে। অনেক নারী সামাজিক মর্যাদা, সন্তানদের ভবিষ্যৎ, অর্থনৈতিক নির্ভরশীলতা, পারিবারিক চাপ এবং বিচারপ্রাপ্তির অনিশ্চয়তার কারণে সহিংসতার কথা প্রকাশ করতে পারেন না। ফলে জরিপে প্রকাশিত তথ্যও বাস্তবতার সম্পূর্ণ চিত্র নয়।
এ ছাড়া বাল্যবিবাহ, যৌতুক, ধর্ষণ, যৌন হয়রানি, কর্মক্ষেত্রে বৈষম্য, অনলাইন সহিংসতা এবং জনপরিসরে নারীর চলাচল ও মতপ্রকাশের স্বাধীনতায় বাধা নারীর সমান নাগরিকত্বের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। বিশেষভাবে প্রতিবন্ধী নারী, ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারী, দলিত নারী, চা-শ্রমিক, গৃহকর্মী, দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর নারী এবং তৃতীয় লিঙ্গের মানুষের অভিজ্ঞতা অনেক সময় মূলধারার আলোচনায় যথেষ্ট গুরুত্ব পায় না। তাই সহিংসতা প্রতিরোধের কর্মসূচি ও সেবা পরিকল্পনায় আন্তঃসংযোগমূলক বৈষম্য বিবেচনা করা প্রয়োজন।
নারীর অর্থনৈতিক অধিকার: শ্রম, সম্পদ ও উৎপাদন উপকরণের প্রশ্ন
নারীর সমান নাগরিকত্ব প্রতিষ্ঠার অন্যতম প্রধান শর্ত হলো অর্থনৈতিক অধিকার ও স্বাধীনতা। বাংলাদেশে নারীরা কৃষি, শিল্প, তৈরি পোশাক, গৃহস্থালি, ক্ষুদ্র উদ্যোগ, অনানুষ্ঠানিক অর্থনীতি এবং সেবা খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। কিন্তু তাঁদের শ্রমের বড় অংশ যথাযথভাবে মূল্যায়িত হয় না। বিশেষ করে গৃহস্থালি কাজ, সন্তান লালন-পালন, প্রবীণ ও অসুস্থ ব্যক্তির পরিচর্যা, খাদ্য প্রস্তুত এবং পরিবারের দৈনন্দিন ব্যবস্থাপনার মতো পরিচর্যা শ্রম অর্থনীতির অপরিহার্য অংশ হলেও জাতীয় অর্থনৈতিক হিসাব ও নীতিনির্ধারণে এর যথাযথ স্বীকৃতি সীমিত। এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য বিষয় হলো, এ ধরনের পুনরুৎপাদনমূলক ও পরিচর্যামূলক কাজের দায়িত্ব পালনে বাংলাদেশে এখনো প্রচলিত জেন্ডারভিত্তিক শ্রমবণ্টনে উল্লেখযোগ্য কোনো ইতিবাচক পরিবর্তন আসেনি। ফলে গৃহস্থালি ও পরিচর্যামূলক কাজের সিংহভাগ দায়িত্ব নারীদেরই বহন করতে হচ্ছে। এর ফলে কর্মজীবী নারীদের ওপর দ্বৈত কর্মভার তৈরি হচ্ছে এবং তাঁদের দৈনন্দিন কর্মঘণ্টা কার্যত দ্বিগুণ হয়ে পড়ছে।
অন্যদিকে, ভূমি, বাড়ি, উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত সম্পদ, ঋণ, প্রযুক্তি, বাজার এবং উৎপাদন উপকরণের ওপর নারীর প্রবেশাধিকার ও নিয়ন্ত্রণ এখনো অসম। শুধু আয় করা বা কর্মসংস্থানে যুক্ত হওয়াই অর্থনৈতিক ক্ষমতায়নের সমার্থক নয়। একজন নারী আয় করলেও যদি সেই আয়ের ওপর তাঁর নিয়ন্ত্রণ না থাকে, সম্পদ কেনা বা ব্যবহার করার সিদ্ধান্তে তাঁর অংশগ্রহণ না থাকে, কিংবা পরিবারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে তাঁর মতামত উপেক্ষিত হয়, তাহলে তাঁর অর্থনৈতিক স্বাধীনতা অসম্পূর্ণ থেকে যায়।
এখানে মার্কসবাদী ও সমাজতান্ত্রিক নারীবাদী বিশ্লেষণের গুরুত্ব রয়েছে। এই দৃষ্টিভঙ্গি দেখায়, উৎপাদন ও পুনরুৎপাদনের ক্ষেত্রে নারীর শ্রমের ওপর নির্ভর করেও সমাজ ও অর্থনীতি অনেক সময় সেই শ্রমের যথাযথ মূল্য স্বীকার করে না। ফলে নারী মুক্তির প্রশ্নকে শুধু কর্মসংস্থান বৃদ্ধি বা ক্ষুদ্রঋণের সুযোগ সম্প্রসারণের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। প্রয়োজন সম্পদ ও উৎপাদন উপকরণের ওপর নারীর মালিকানা ও নিয়ন্ত্রণ, সমকাজে সমমজুরি, নিরাপদ কর্মপরিবেশ, সামাজিক সুরক্ষা এবং অবৈতনিক পরিচর্যা শ্রমের স্বীকৃতি ও ন্যায্য বণ্টন নিশ্চিত করা।
রাজনীতি ও রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণে নারীর সমান অংশগ্রহণ
নারীর সমান নাগরিকত্বের আরেকটি মৌলিক শর্ত হলো রাজনৈতিক ক্ষমতা ও রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণে সমান অংশীদারত্ব। বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ১৯(৩) জাতীয় জীবনের সর্বস্তরে নারীর সমান সুযোগ ও অংশগ্রহণ নিশ্চিত করার অঙ্গীকার করে। একইভাবে অনুচ্ছেদ ২৭ আইনের দৃষ্টিতে সব নাগরিকের সমতা নিশ্চিত করেছে এবং অনুচ্ছেদ ২৮(১) ও ২৮(২) লিঙ্গের ভিত্তিতে বৈষম্য নিষিদ্ধ করার পাশাপাশি রাষ্ট্রীয় ও জনজীবনের সব ক্ষেত্রে নারী-পুরুষের সমান অধিকারের স্বীকৃতি দিয়েছে। সরকারি চাকরিতে সমান সুযোগ নিশ্চিত করার ক্ষেত্রে অনুচ্ছেদ ২৯(১) ও ২৯(২) বিশেষভাবে প্রাসঙ্গিক।
অন্যদিকে, জাতীয় সংসদে নারীর প্রতিনিধিত্ব বাড়ানোর লক্ষ্যে অনুচ্ছেদ ৬৫(৩) নারীদের জন্য ৫০টি সংরক্ষিত আসনের বিধান রেখেছে। কিন্তু এসব সাংবিধানিক স্বীকৃতি ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা থাকা সত্ত্বেও বাস্তবে রাজনৈতিক দল, জাতীয় সংসদ, স্থানীয় সরকার, প্রশাসন এবং বিভিন্ন নীতিনির্ধারণী প্রতিষ্ঠানে নারীর কার্যকর অংশগ্রহণ, নেতৃত্ব ও সিদ্ধান্ত গ্রহণে প্রভাব এখনো প্রয়োজনের তুলনায় অনেক কম। ফলে কেবল সংখ্যাগত প্রতিনিধিত্ব নিশ্চিত করাই যথেষ্ট নয়; রাষ্ট্রীয় ক্ষমতা ও সিদ্ধান্ত গ্রহণের প্রতিটি স্তরে নারীর অর্থবহ অংশগ্রহণ, সমান সুযোগ এবং কার্যকর নেতৃত্ব প্রতিষ্ঠাও সমান নাগরিকত্বের অপরিহার্য শর্ত।
রাজনৈতিক দলগুলোর নেতৃত্ব ও সিদ্ধান্ত গ্রহণের কাঠামোতে নারীর উপস্থিতি এখনও সীমিত। নির্বাচন কমিশনের রাজনৈতিক দলের নিবন্ধনসংক্রান্ত বিধানে ২০৩০ সালের মধ্যে দলের কেন্দ্রীয় কমিটিসহ বিভিন্ন পর্যায়ের কমিটিতে ৩৩ শতাংশ নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। কিন্তু এই লক্ষ্য অর্জনে রাজনৈতিক দলগুলোর অগ্রগতি ধীর। এখানে একটি বিষয় স্পষ্ট করা প্রয়োজন: ৩৩ শতাংশের লক্ষ্যটি রাজনৈতিক দলের কমিটিতে নারীর প্রতিনিধিত্বের সঙ্গে সম্পর্কিত; এটি জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী মনোনয়নের জন্য সরাসরি ৩৩ শতাংশ কোটা নয়।
জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের ব্যবস্থা নারীর প্রতিনিধিত্ব বাড়ানোর একটি সাংবিধানিক পদ্ধতি হলেও এর মাধ্যমে নারীর সরাসরি নির্বাচনী প্রতিযোগিতা, রাজনৈতিক ভিত্তি ও স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা স্বয়ংক্রিয়ভাবে নিশ্চিত হয় না। স্থানীয় সরকারেও সংরক্ষিত নারী আসনের ব্যবস্থা রয়েছে, কিন্তু অনেক ক্ষেত্রে দায়িত্ব, বাজেট, প্রশাসনিক ক্ষমতা ও নির্বাচিত সাধারণ প্রতিনিধিদের সঙ্গে সমন্বয়ের ক্ষেত্রে নারী প্রতিনিধিরা বৈষম্যের মুখোমুখি হন। ফলে সংখ্যাগত প্রতিনিধিত্বের পাশাপাশি কার্যকর ক্ষমতা, নেতৃত্ব, অর্থবহ অংশগ্রহণ এবং জবাবদিহি নিশ্চিত করা জরুরি।
রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহার ও নীতিপত্রে নারী অধিকার, অর্থনৈতিক স্বাধীনতা, সম্পদের মালিকানা, নিরাপত্তা, রাজনৈতিক ক্ষমতায়ন এবং বৈষম্য দূরীকরণের বিষয়ে সুস্পষ্ট, পরিমাপযোগ্য ও সময়সুনির্দিষ্ট অঙ্গীকার থাকা প্রয়োজন। শুধু নারী ভোটারদের জন্য প্রতিশ্রুতি নয়, বরং নারীদের নীতিনির্ধারক, প্রার্থী, সংগঠক এবং রাষ্ট্র পরিচালনার অংশীদার হিসেবে প্রতিষ্ঠার রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন।
রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, শিক্ষা ও বাজেটে জবাবদিহি
নারীর সমতা প্রতিষ্ঠার দায়িত্ব কেবল নারী বিষয়ক মন্ত্রণালয় বা নারী অধিকার সংগঠনের নয়। রাষ্ট্রের প্রতিটি মন্ত্রণালয়, বিভাগ, স্থানীয় প্রশাসন, আইন প্রয়োগকারী সংস্থা এবং বিচারব্যবস্থার নিজ নিজ দায়িত্ব রয়েছে। কিন্তু সরকারি দপ্তর ও প্রশাসনিক কাঠামোর অনেক ক্ষেত্রে লিঙ্গসংবেদনশীল দৃষ্টিভঙ্গি, পর্যাপ্ত দক্ষতা, আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় এবং জবাবদিহির ঘাটতি রয়েছে। নারী অধিকারসংক্রান্ত নীতি ও আইন বাস্তবায়নে দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় দুর্বল হলে এবং কার্যকর পরিবীক্ষণ না থাকলে নীতিগত অঙ্গীকার বাস্তব পরিবর্তনে রূপ নেয় না।
শিক্ষাব্যবস্থায়ও লিঙ্গসমতা, মানবাধিকার, সম্মতি, পারস্পরিক শ্রদ্ধা, বৈচিত্র্যের প্রতি সহনশীলতা এবং সহিংসতামুক্ত সম্পর্কের ধারণা যথেষ্ট গুরুত্ব পাওয়া প্রয়োজন। পাঠ্যপুস্তক, শিক্ষক প্রশিক্ষণ, শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ এবং সহশিক্ষা কার্যক্রমে এমন মূল্যবোধ গড়ে তুলতে হবে, যা নারীকে অধস্তন বা নির্ভরশীল হিসেবে নয়, সমান মর্যাদাসম্পন্ন নাগরিক হিসেবে বিবেচনা করে। কিশোর-কিশোরীদের মধ্যে সম্মতি, ব্যক্তিগত সীমানা, অনলাইন নিরাপত্তা এবং বৈষম্যবিরোধী মনোভাব গড়ে তোলাও জরুরি।
নারীর অধিকার ও ক্ষমতায়নের জন্য বাজেট বরাদ্দের ক্ষেত্রেও বড় ধরনের পুনর্বিবেচনা প্রয়োজন। জেন্ডার বাজেটিংয়ের উদ্যোগ থাকলেও বরাদ্দের প্রকৃত সুফল, ব্যয়ের কার্যকারিতা এবং নারীর ক্ষমতায়নে তার পরিমাপযোগ্য প্রভাব নিয়ে আরও স্বচ্ছতা ও জবাবদিহি দরকার। শুধু নারী উপকারভোগীর সংখ্যা দিয়ে সাফল্য পরিমাপ করা যথেষ্ট নয়। দেখতে হবে, বরাদ্দ নারীর সম্পদ, আয়, নিরাপত্তা, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এবং সামাজিক মর্যাদা কতটা বাড়াচ্ছে।
সামাজিক নিরাপত্তা কর্মসূচির ক্ষেত্রেও নারীকে শুধু ভাতা বা সহায়তার সুবিধাভোগী হিসেবে দেখার প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে। দরিদ্র ও ঝুঁকিপূর্ণ শ্রমে নিয়োজিত নারীদের জন্য সামাজিক সুরক্ষা অবশ্যই প্রয়োজন, কিন্তু তা যেন তাঁদের অধিকার, মর্যাদা ও অর্থনৈতিক স্বাধীনতা প্রতিষ্ঠার বৃহত্তর কর্মসূচির বিকল্প না হয়ে ওঠে। সামাজিক সুরক্ষাকে শিক্ষা, স্বাস্থ্য, দক্ষতা, নিরাপদ কর্মসংস্থান, সম্পদের অধিকার এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতার সঙ্গে যুক্ত করতে হবে।
সম্মিলিত দায়িত্ব: নারী সংগঠন, নাগরিক সমাজ ও আন্তর্জাতিক সহযোগিতা
বাংলাদেশে নারী অধিকার আন্দোলনের বিকাশে নারী সংগঠন ও নাগরিক সমাজের ভূমিকা ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ। বাংলাদেশ মহিলা পরিষদ, নারীপক্ষ, উইমেন ফর উইমেন, নারী মৈত্রী, বাংলাদেশ নারী প্রগতি সংঘ, বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি, আইন ও সালিশ কেন্দ্র, মানুষের জন্য ফাউন্ডেশন, ব্রেকিং দ্য সাইলেন্স এবং স্টেপস টুওয়ার্ডস ডেভেলপমেন্টসহ বিভিন্ন সংগঠন নারী অধিকার, সহিংসতা প্রতিরোধ, আইনি সহায়তা, গবেষণা, নীতি-অ্যাডভোকেসি, সামাজিক সচেতনতা এবং প্রান্তিক নারীর কণ্ঠস্বর তুলে ধরতে কাজ করেছে। তাদের কাজের ধরন ও কর্মপরিধি ভিন্ন হলেও নারী ও কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠায় এসব উদ্যোগের সম্মিলিত অবদান গুরুত্বপূর্ণ।
জাতিসংঘের সংস্থা ইউএন উইমেন (UN Women) এবং জাতিসংঘ জনসংখ্যা তহবিল (UNFPA) বাংলাদেশে নারী অধিকার, লিঙ্গসমতা, প্রজননস্বাস্থ্য, যৌন ও লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধ, নীতিগত সহায়তা, তথ্য-উপাত্ত সংগ্রহ এবং সরকারি ও নাগরিক সমাজের সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। একইভাবে বিভিন্ন আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী ও দাতা সংস্থা নারী অধিকার, জেন্ডার সমতা, স্থানীয় সংগঠনের সক্ষমতা বৃদ্ধি এবং প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণে সহায়তা দিয়ে আসছে।
এসব সহযোগিতার ইতিবাচক দিক হলো, উন্নয়ন খাতে যুক্ত অনেক প্রতিষ্ঠান, কর্মী এবং লক্ষ্য জনগোষ্ঠীর মধ্যে নারী অধিকার ও জেন্ডার সমতা বিষয়ে সচেতনতা বেড়েছে। তবে এই অগ্রগতি এখনো উন্নয়ন খাতের বাইরের বৃহত্তর সমাজে সমানভাবে পৌঁছায়নি।
সমাজের একটি বড় অংশ এখনো নারীর অধিকার, স্বাধীনতা, সম্মতি, সম্পদের মালিকানা ও রাজনৈতিক অংশগ্রহণের বিষয়গুলোকে যথাযথ গুরুত্ব দেয় না। অনেক ক্ষেত্রে নারীর পোশাক, চলাচল, পেশা, সামাজিক যোগাযোগ কিংবা মতপ্রকাশকে নিয়ন্ত্রণ করার প্রবণতা দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমেও নারী অধিকারকর্মী, সাংবাদিক, রাজনীতিবিদ ও মতপ্রকাশকারী নারীরা অপমান, হুমকি ও হয়রানির শিকার হন। ফলে নারী অধিকার বিষয়ে সচেতনতা শুধু প্রকল্প, প্রশিক্ষণ বা প্রচারণার মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না; পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় ও সামাজিক নেতৃত্ব, গণমাধ্যম, রাজনৈতিক দল এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের মধ্যে ধারাবাহিক সামাজিক সংলাপ প্রয়োজন।
এ ক্ষেত্রে নারী সংগঠনগুলোর পাশাপাশি পুরুষ, তরুণ, শিক্ষক, সাংবাদিক, গবেষক, আইনজীবী, স্থানীয় সরকার প্রতিনিধি, রাজনৈতিক নেতৃত্ব এবং পেশাজীবী সংগঠনগুলোকেও সক্রিয় ভূমিকা নিতে হবে। পুরুষের অংশগ্রহণের অর্থ নারীর অধিকার আন্দোলনের নেতৃত্ব বা সিদ্ধান্ত গ্রহণে পুরুষের কর্তৃত্ব প্রতিষ্ঠা নয়; বরং বৈষম্যমূলক ক্ষমতাসম্পর্ক পরিবর্তনে পুরুষের দায় ও দায়িত্ব স্বীকার করা। একই সঙ্গে নারী আন্দোলনের স্বাধীনতা, সমালোচনামূলক অবস্থান এবং রাষ্ট্র ও প্রতিষ্ঠানের জবাবদিহি দাবি করার সক্ষমতা অক্ষুণ্ণ রাখতে হবে।
প্রয়োজন একটি সমন্বিত জাতীয় অঙ্গীকার
বাংলাদেশে নারীর সমান নাগরিকত্ব প্রতিষ্ঠার জন্য এখন প্রয়োজন একটি সমন্বিত, সময়সুনির্দিষ্ট ও জবাবদিহিমূলক জাতীয় কর্মসূচি। এ কর্মসূচির ভিত্তি হতে হবে সংবিধানের সমতার নীতি, CEDAW, বেইজিং কর্মপরিকল্পনা এবং টেকসই উন্নয়ন অভীষ্টের অঙ্গীকার। এর আওতায় নারীর প্রতি সব ধরনের সহিংসতা প্রতিরোধ ও বিচার নিশ্চিত করার পাশাপাশি সম্পদ ও উত্তরাধিকার অধিকার, সমমজুরি, নিরাপদ কর্মসংস্থান, অবৈতনিক গার্হস্থ শ্রমের পুনঃবন্টন ও স্বীকৃতি, সামাজিক সুরক্ষা, রাজনৈতিক প্রতিনিধিত্ব এবং রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণে সমান অংশগ্রহণের জন্য পরিমাপযোগ্য ও সময়সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করতে হবে।
রাজনৈতিক দলগুলোর উচিত নিজেদের গঠনতন্ত্র, নেতৃত্ব নির্বাচন, প্রার্থী মনোনয়ন, নির্বাচনী ইশতেহার এবং অভ্যন্তরীণ সিদ্ধান্ত গ্রহণে নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করা। নির্বাচন কমিশনের উচিত রাজনৈতিক দলের নারী প্রতিনিধিত্বের লক্ষ্য বাস্তবায়নের অগ্রগতি নিয়মিতভাবে পর্যবেক্ষণ ও প্রকাশ করা। জাতীয় সংসদ ও স্থানীয় সরকারে নারীর প্রতিনিধিত্বকে কেবল সংখ্যাগত উপস্থিতিতে সীমাবদ্ধ না রেখে তাঁদের কার্যকর ক্ষমতা, বাজেট ব্যবহারের অধিকার এবং সিদ্ধান্ত গ্রহণে প্রভাব নিশ্চিত করতে হবে।
সরকারি প্রতিষ্ঠানগুলোর নারী অধিকারসংক্রান্ত দায়িত্ব ও কর্মসম্পাদন মূল্যায়নে স্বচ্ছ সূচক এবং নিয়মিত পরিবীক্ষণ ব্যবস্থা গড়ে তুলতে হবে। জাতীয় বাজেটে জেন্ডার সংবেদনশীল বরাদ্দের পাশাপাশি বরাদ্দের বাস্তব ফলাফল ও নারীর ক্ষমতায়নে তার প্রভাব প্রকাশ করতে হবে। শিক্ষা ব্যবস্থায় মানবাধিকার, লিঙ্গসমতা, সম্মতি ও বৈষম্যবিরোধী মূল্যবোধকে আরও কার্যকরভাবে অন্তর্ভুক্ত করতে হবে। নারী সংগঠন, নাগরিক সমাজ, গণমাধ্যম, গবেষণা প্রতিষ্ঠান এবং প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিদের অংশগ্রহণে জাতীয় পর্যায়ে নিয়মিত সংলাপ ও সামাজিক নিরীক্ষার ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন।
সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, নারীর অধিকারকে কোনো বিশেষ গোষ্ঠীর দাবি কিংবা উন্নয়ন প্রকল্পের একটি উপাদান হিসেবে দেখার প্রবণতা থেকে বেরিয়ে আসা। নারী এই রাষ্ট্রের সমান নাগরিক। তাঁর স্বাধীনতা, মর্যাদা, নিরাপত্তা, সম্পদ, শ্রমের ন্যায্য মূল্য এবং সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ কোনো অনুগ্রহ নয়; এগুলো সাংবিধানিক ও মানবাধিকারের প্রশ্ন।
সহিংসতামুক্ত জীবন থেকে সমান ক্ষমতার সমাজ
সিক্সটিন ডেইজ অ্যাক্টিভিজম আমাদের প্রতি বছর মনে করিয়ে দেয় যে, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সামাজিক সংহতি, রাজনৈতিক সদিচ্ছা এবং প্রাতিষ্ঠানিক জবাবদিহি অপরিহার্য। কিন্তু এই কর্মসূচির তাৎপর্য কেবল ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত প্রচারণা, আলোচনা, শোভাযাত্রা বা প্রতীকী কর্মসূচি পালনের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে না। এর প্রকৃত সার্থকতা নির্ভর করে বছরের বাকি সময়জুড়ে নারী অধিকার প্রতিষ্ঠায় রাষ্ট্র, সমাজ ও নাগরিকদের ধারাবাহিক ভূমিকার ওপর।
বাংলাদেশের নারী আন্দোলনের আগামী দিনের অঙ্গীকার হতে হবে সহিংসতামুক্ত জীবনের নিশ্চয়তার পাশাপাশি নারীর পূর্ণ ও সমান নাগরিকত্ব প্রতিষ্ঠা। এমন একটি সমাজ, যেখানে নারী নিজের শরীর, জীবন ও ভবিষ্যৎ সম্পর্কে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারবেন; ভূমি, সম্পদ ও উৎপাদন উপকরণের ওপর অধিকার ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবেন; নিজের শ্রমের ন্যায্য মূল্য পাবেন; পরিবার, সমাজ ও রাষ্ট্রের সিদ্ধান্ত গ্রহণে সমান অংশীদার হবেন। এই লক্ষ্য অর্জনের জন্য প্রয়োজন পিতৃতান্ত্রিক ও বৈষম্যমূলক ক্ষমতাকাঠামোর পরিবর্তন, অর্থনৈতিক ও সামাজিক ন্যায়বিচার এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর কার্যকর জবাবদিহি।
নারীর অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম তাই কেবল নারীর একার সংগ্রাম নয়; এটি একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রাম। সিক্সটিন ডেইজ অ্যাক্টিভিজমের মূল চেতনাকে ধারণ করে আমাদের অঙ্গীকার হোক, নারীকে উন্নয়নের সুবিধাভোগী নয়, বরং সমান অধিকারসম্পন্ন নাগরিক, সম্পদের দাবিদার এবং রাষ্ট্র ও সমাজের ভবিষ্যৎ নির্ধারণের সমান অংশীদার হিসেবে প্রতিষ্ঠা করা।
(এই বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই–এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)





