বিরল রোগ মায়োসাইটিস থেকে ধীরে ধীরে আরোগ্য লাভ করছেন দক্ষিণী তারকা সামান্থা রুথ প্রভু। গেল বছর মায়োসাইটিসে আক্রান্ত হওয়ার পর থেকেই লম্বা সময় ধরে শারীরিক যন্ত্রণা সহ্য করতে হচ্ছে তাকে। কারণ এই রোগটিতে পেশিতে প্রদাহ বাড়ে। সেই অসুস্থতার মাঝেই সম্প্রতি অভিনেত্রীকে দেখা গেল তামিলনাড়ুর এক মন্দিরে।
জানা গেছে, তামিলনাড়ুর পালানি মুরুগান মন্দিরে ৬০০ সিঁড়ি ভেঙে পুজো দিয়েছেন সামান্থা। মন্দিরে অভিনেত্রীর বেশ কিছু ছবি ইতিমধ্যেই নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে। এসময় সামান্থার পরনে ছিল সাদা সালোয়ার কামিজ।
সূত্রের খবর অনুসারে, অভিনেত্রী সময় নিয়ে সিঁড়ি ভেঙে মন্দিরে পৌঁছান। মাঝে কর্পূর প্রজ্জ্বলন করেন। সিঁড়ি ভাঙার সময় তার মুখে ছিল মাস্ক। অভিনেত্রীর সঙ্গে ছিলেন তার অভিনীত ‘জানু’ ছবির পরিচালক সি প্রেম কুমা।
আগামী এপ্রিল মাসে মুক্তি পাবে সামান্থার নতুন ছবি ‘শকুন্তলাম’। ছবি ছাড়াও নিজের শরীর স্বাস্থ্যের জন্যও মন্দিরে প্রার্থনা করেন এই অভিনেত্রী। গুণশেখর পরিচালিত ‘শকুন্তলাম’এর মুক্তির দিন স্থির হয়েছিল চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি। তবে সম্প্রতি নির্মাতারা একটি বিবৃতি দিয়ে জানান যে, ছবির মুক্তি আপাতত পিছিয়ে দেওয়া হয়েছে। এরপর জানা যায় ছবিটি আগামী ১৪ এপ্রিল মুক্তি পাবে।
সূত্র: পিঙ্কভিলা







