‘হিচকি’ ছবির শুটিং স্পটের এসে রানী মুখর্জিকে আচমকা জড়িয়ে ধরে চমকে দিলেন অমিতাভ বচ্চন। দিল্লিতে ঠিক একই স্পটে অমিতাভ তার একটি বিজ্ঞাপনের কাজ নিয়ে ব্যস্ত ছিলেন। আর রানীকে দেখে তিনি ছুটে এসে স্নেহভরে জড়িয়ে ধরেন। রানীর প্রতি অমিতাভের স্নেহ আর ভালোবাসার যেন কোনো কমতি নেই— সেটাই ফুটে উঠেছে তার সম্প্রতি শেয়ার করা পোষ্ট আর ছবি থেকে। রানীকে জড়িয়ে ধরার ছবি অমিতাভ তার ব্লগে শেয়ার করেন এবং রানীকে ঘিরে তার ভালোবাসার কথা বলেন।
এছাড়া সম্প্রতি এইচটি মোষ্ট ষ্টাইলিশ অ্যাওয়ার্ডে দেখা যায় রানীর প্রতি অমিতাভের স্নেহের প্রকাশ। সেসব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমেও শেয়ার করেন অমিতাভ।
রানীর প্রতি অমিতাভের স্নেহের এমন প্রকাশের সাথে সাথে একটি কথা সবার মনে এসে যায়। আর তা হলো অভিষেক বচ্চনের সঙ্গে রানীর প্রেম। সেই সময়ে বেশ আলোচিত হয়েছিল তাদের প্রেমকাহিনী। শুধু প্রেম নয়, তাকে বিয়ে পর্যন্ত গড়িয়ে নিতেও কমতি রাখেননি তারা। কিন্তু শোনা যায়, অভিষেকের মা জয়া বচ্চনের এ ব্যাপারে মত ছিল না। তাই সরে আসতে হয় তাদেরকে। পরবর্তীতে অভিষেক ঐশ্বরিয়ার সঙ্গে তার বিয়েতে দাওয়াত পর্যন্ত করেননি রানীকে। অন্যদিকে ঐশ্বরিয়ার সঙ্গে রানীর সম্পর্কের অবনতি ঘটে ‘চলতে চলতে’ ছবিকে কেন্দ্র করে। কারণ এই ছবিতে ঐশ্বরিয়াকে বাদ দিয়ে রানীকে কাষ্ট করা হয়।
এমন নানা ঘটনার প্রেক্ষিতে রানীর প্রতি অমিতাভের এই স্নেহ, ভালোবাসা সত্যিই সবার নজরে পড়ে। অমিতাভ বচ্চন এবং রানী মুখার্জি একসঙ্গে অনেক ছবিতে অভিনয় করেছেন। এগুলোর মধ্যে রয়েছে ‘ব্ল্যাক’, ‘বাবুল’, ‘বান্টি অ্উর বাবলি’, ‘কাভি আল বিদা না কেহনা’, ‘কাভি খুশি কাভি গম’, ‘পেহলি’।
বর্তমানে অমিতাভ বচ্চন তার ‘সরকার থ্রি’ এবং রানী তার নতুন ছবি ‘হিচকি’র কাজ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। ফিল্মি বিট।







