কেবিসির প্রশ্ন ঘিরে বিতর্ক, আইনি নোটিশ পেলেন অমিতাভ বচ্চন

বলিউডের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন ও সনি টিভিকে আইনি নোটিশ পাঠিয়েছেন ভারতের পাঞ্জাবের সাঙ্গরুরের এক আইনজীবী। জনপ্রিয় কুইজ শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’ (কেবিসি)-এর একটি ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে এ নোটিশ পাঠানো হয়েছে।
ভিডিওতে পাঞ্জাবের পুলিশ স্টেশনে বোমা হামলার ঘটনা নিয়ে একটি প্রশ্ন করতে দেখা যায় অমিতাভ বচ্চনকে। আইনজীবীর অভিযোগ, এ ধরনের প্রশ্নের মাধ্যমে পাঞ্জাবকে নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়েছে এবং রাজ্যটির ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হয়েছে।
আইনজীবী ইন্দ্রজিৎ অরোরা জানিয়েছেন, ভিডিওটি প্রকৃতপক্ষে কেবিসির কোনো পর্বের অংশ কি না, তা জানতে অমিতাভ বচ্চন ও সনি টিভিকে আইনি নোটিশ পাঠিয়েছেন তিনি। পাশাপাশি ভিডিওটি জাতীয় গণমাধ্যম থেকে সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন। ভিডিওটি যদি সত্যিই অনুষ্ঠানটির কোনো পর্বের অংশ হয়ে থাকে, তাহলে অমিতাভ বচ্চন ও সনি টিভিকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে বলে দাবি করেছেন তিনি।
দ্য স্টেটসম্যানের প্রতিবেদন অনুযায়ী, তিন-চার দিন আগে তার এক মক্কেল ভিডিওটির স্ক্রিনশট ও ক্লিপ দেখান। সেখানে কেবিসির উপস্থাপক হিসেবে অমিতাভ বচ্চনকে একজন প্রতিযোগীর কাছে প্রশ্ন করতে দেখা যায়- সম্প্রতি ভারতের কোন রাজ্যে অপরাধীরা নির্ভয়ে পুলিশ স্টেশনে বোমা হামলা চালিয়েছে?
ভিডিওতে ১২ লাখ ৫০ হাজার রুপির প্রশ্ন হিসেবে এটি উপস্থাপন করা হয়। উত্তরের জন্য চারটি বিকল্প দেওয়া হয়েছিল-উত্তর প্রদেশ, ছত্তিশগড়, পশ্চিমবঙ্গ ও পাঞ্জাব। প্রতিযোগী ‘৫০:৫০’ লাইফলাইন ব্যবহার করলে উত্তর প্রদেশ ও পশ্চিমবঙ্গ বাদ পড়ে যায়। এরপর অমিতাভ বচ্চনকে পাঞ্জাবকে সঠিক উত্তর হিসেবে ঘোষণা করতে শোনা যায়।
আইনজীবী ইন্দ্রজিৎ অরোরা প্রশ্নটির প্রাসঙ্গিকতা নিয়ে আপত্তি জানিয়েছেন। তার মতে, এটি সাধারণ জ্ঞানের প্রশ্ন নয়; বরং একটি নির্দিষ্ট রাজ্যের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা। তিনি বলেন, পাঞ্জাব কিংবা অন্য কোনো রাজ্যকে এমনভাবে উপস্থাপন করা উচিত নয়, যাতে সেখানকার মানুষের মর্যাদা ও রাজ্যের সুনাম ক্ষতিগ্রস্ত হয়।
ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে তৈরি কিংবা সম্পাদনা করা হয়েছে কি না, সে বিষয়েও প্রশ্ন উঠেছে। অরোরা জানিয়েছেন, অমিতাভ বচ্চন ও সনি টিভির জবাব পাওয়ার পর ভিডিওটির সত্যতা সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে। ভিডিওটি ভুয়া প্রমাণিত হলে এর নির্মাতা বা প্রচারকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার বিষয়টিও বিবেচনা করা হবে।
প্রতিবেদন অনুযায়ী, প্রায় দুই মিনিটের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে এটি কেবিসির প্রকৃত কোনো পর্বে প্রচারিত হয়েছিল কি না, তা এখনো স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে অমিতাভ বচ্চন কিংবা সনি টিভির পক্ষ থেকেও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। দ্য স্টেটসম্যান






