বিনোদ খান্নার মৃত্যু সংবাদ পেয়ে ঋষি কাপুরের মনে পড়েছে তাদের ‘অমর আকবর অ্যান্টনি’ ছবির সখ্যতার কথা। টুইটার অ্যাকাউন্টে শোক বার্তা দিয়েছেন তিনি। সেখানে তিনি লিখেছেন, ‘উইল মিস ইউ অমর, রেস্ট ইন পিস।’ পোস্টে ‘অমর আকবর অ্যান্টনি’ চলচ্চিত্রের একটি আলোকচিত্র দিয়েছেন তিনি।
এর কিছুক্ষণ পর আরেকটি টুইট করেছেন তিনি। সেখানে ঋষি কাপুর লিখেছেন, ‘একসাথে কাটানো ভালো মূহূর্তগুলো খুব মনে পড়ছে। বন্ধুত্বের জন্য ধন্যবাদ।’
প্রয়াত বর্ষীয়ান অভিনেতা বিনোদ খান্নার জনপ্রিয় ছবিগুলোর মধ্যে অন্যতম ‘অমর আকবর অ্যান্টনি’ ছবিটি। এই ছবিতে অমর চরিত্রে অভিনয় করেছিলেন বিনোদ খান্না। বিচ্ছেদ ও পুনর্মিলনের ঘটনা নিয়ে তৈরি এই ছবিটি দর্শকদের কাছে অনেক জনপ্রিয়তা পেয়েছিল। পর্দার মত বাস্তবেও বিনোদ খান্নার সাথে ঋষি কাপুর এবং অমিতাভ বচ্চনের বন্ধুত্বের সম্পর্কটা ছিলো খুব কাছের।
আজ বৃহস্পতিবার সকালে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে বলিউড অভিনেতা বিনোদ খান্না মৃত্যুবরণ করেছেন। তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। দীর্ঘদিন ধরে ক্যানসারের সাথে লড়ছিলেন তিনি। হিন্দুস্তান টাইমস।










