পাকিস্থানের পেশোয়ারে পূর্বপুরুষের বাড়িটি এক নজর দেখার ইচ্ছা প্রকাশ করেছিলেন বলিউডের অভিনেতা প্রয়াত বিনোদ খান্না। পাকিস্তানের সাংস্কৃতিকবিষয়ক কর্মকর্তাদের কাছ থেকে তেমনটাই জানা গেল। খাইবার পাখতুনওয়ার কালচারাল হেরিটেজ কাউন্সিলের জেনারেল সেক্রেটারি শাকিল ওয়াহিদুল্লাহ বলেন, তিনি ২০১৪ সালে সাংস্কৃতিক প্রতিনিধিদলের অংশ হয়ে বিনোদ খান্নার সাথে দেখা করার সুযোগ পান। আর সেখানে খান্নার দেওয়া একটি অটোগ্রাফে খান্না, পাকিস্থানের পেশোয়ারের জনগণের জন্য শুভকামনা জানান। এছাড়া সেখানে যাওয়ার তীব্র আকাঙ্খাও ব্যক্ত করেন তিনি।
পেশোয়ার, যেখানে তার বাবা-মাসহ পরিবারের পূর্বপুরুষরা বাস করেছেন, সেখানে যাওয়ার জন্য কর্তৃপক্ষের কাছে অনুরোধও জানান তিনি। কিন্তু শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি বলে জানান সেক্রেটারি। খাইবার-পাখতুনওয়ার কালচারাল হেরিটেজ কাউন্সিল শিগগিরই সেখানে বিনোদ খান্নার স্মরণে সেখানে অনুষ্ঠান আয়োজন করবে।
খ্যাতনামা চলচ্চিত্র ইতিহাসবিদ মোহাম্মদ ইব্রাহিম জিয়াও উপস্থিত ছিলেন সেই প্রতিনিধিদলে। সেখানে আরও উপস্থিত ছিলেন বলিউডের আরেক কিংবদন্তী দিলীপ কুমার। তিনিও পাকিস্থানের পেশোয়ার থেকে ভারতে এসে স্থায়ী হয়েছেন।
জিয়া বলেন, আসলে সেদিন জন্মস্থানের সকল লোককে একত্রে পেয়ে বেশ উৎফুল্লই ছিলেন বিনোদ খান্না। আর পেশোয়ারের স্থানীয় পোশাক উপহার হিসেবে পেয়ে তিনি তা সাদরে গ্রহণ করেন।
বিনোদ খান্না ৬ অক্টোবর ১৯৪৬ সালে পেশোয়ারের ক্যান্টনমেন্ট এলাকায় জন্মগ্রহণ করেন। তার বাবা মেহের চাঁদ খান্না ছিলেন ব্যবসায়ী এবং কংগ্রেসের সাবেক মন্ত্রী।
বিনোদ খান্না (৭০) ক্যানসারে আক্রান্ত হয়ে গত বৃহস্পতিবার মুম্বাইয়ের একটি হাসপাতালে মারা যান। টাইমস অব ইন্ডিয়া।







