সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) উপাচার্য অধ্যাপক মো. আমিনুল হক ভূঁইয়া বিকেল চারটার দিকে অবরুদ্ধ কার্যালয় থেকে বের হয়েছেন।
আন্দোলনের মুখে ছুটিতে থাকা আমিনুল হক আজ সকালে তার কার্যালয়ে ঢুকলে আন্দোলনরত শিক্ষকরা বাইরে থেকে তালা লাগিয়ে দেন। এতে বেশ কয়েক ঘণ্টা অবরুদ্ধ থাকতে হয়ে উপাচার্যকে।
আন্দোলনের মুখে দু’মাসের ছুটির শেষ হওয়ার দুইদিন আগেই কর্মস্থলে যোগ দেন শাবি উপাচার্য আমিনুল। এসময় উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান নেন মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক পরিষদের নেতৃবৃন্দ। এক পর্যায়ে উপাচার্যের কার্যলয়ের ফটকে তালা ঝুলিয়ে দেন তারা।
আমিনুল হকের পুনরায় কর্মস্থলে যোগ দেওয়াকে স্বাগত জানায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। এসময় উপাচার্য কার্যালয়ের পাশেই অবস্থান নেয় তারা।
এতে ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। যে কোনো সময় অপ্রীতিকর ঘটনা ঘটার আশঙ্কা দেখা দিয়েছে। ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ভিসি’র বিরুদ্ধে শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, দুর্নীতি, স্বজন-প্রীতিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে তাকে অপসারণের দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন চালিয়ে আসছেন শিক্ষকদের একটি অংশ।
আন্দোলনের মুখে দু’মাসের ছুটিতে যান উপাচার্য। ছুটি শেষে আগামী ২৪ জুন কর্মস্থলে যোগ দেওয়ার কথা থাকলেও ছুটি শেষ হওয়ার দু’দিন আগেই গোপনে কর্মস্থলে যোগদান করেন তিনি।






