জিম্বাবুয়ের ফিল্ডিং কোচ শেফার্ড টিচানডেপি মাকুনুরা (৪৬) দীর্ঘদিন অসুস্থতায় ভুগে ১৫ ডিসেম্বর হারারের একটি হাসপাতালে মারা যান। তার মৃত্যুর ২৩ দিন পর মারা গেলেন মাকুনুরার স্ত্রী এবং জিম্বাবুয়ে নারী দলের সহকারী কোচ সিনিকিউই এমপোফু।
গত ৭ জানুয়ারি ৩৭ বর্ষী সিনিকিউই মাসভিঙ্গোয় নিজ বাড়িতে অজ্ঞান হয়ে পড়ে যান। হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মাকুনুরা-সিনিকিউই দম্পতি জিম্বাবুয়ের ক্রিকেটাঙ্গনে পরিচিত মুখ। তাদের মৃত্যুতে দেশটির ক্রীড়াঙ্গনে শোকের ছায়া পড়েছে।
মাকুনুরা অসুস্থতার কারণে গতবছর অস্ট্রেলিয়ায় টি-টুয়েন্টি বিশ্বকাপে দলের সঙ্গে যেতে পারেননি। জাতীয় দলের ফিল্ডিং কোচের পাশাপাশি তিনি সাউদার্ন রকসের হেড কোচের দায়িত্বও সামলেছেন।
তিনি ৫টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছিলেন। চোটের কারণে ২০০৭ সালে খেলোয়াড়ি জীবন শেষ হয়। পরে মাকুনুরা কোচিংকে পেশা হিসেবে বেছে নেন।
খেলোয়াড়ি জীবনে প্রতিভাবান অলরাউন্ডার ছিলেন সিনিকিউই। ২০০৬ সালে জিম্বাবুয়ের মেয়েদের প্রথম আন্তর্জাতিক ম্যাচে খেলেছিলেন। খেলা ছেড়ে কোচিংয়ে প্রাদেশিক এবং জাতীয় পর্যায়ে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের গেম ডেভেলপমেন্ট কাঠামোর অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছিলেন।
জিম্বাবুয়ে ক্রিকেটের (জেডসি) ব্যবস্থাপনা পরিচালক গিভমোর মাকোনি শোকবার্তায় বলেছেন, ‘স্বামীর কয়েক সপ্তাহ পরেই স্ত্রীও মারা গেলেন। তারা দুজনই আমাদের কোচিং স্টাফের সদস্য ছিলেন। তাদের ছোট্ট দুই সন্তান, পরিবার, বন্ধু ও পুরো ক্রিকেট সমাজের জন্য সময়টা ভীষণ কঠিন ও বেদনাদায়ক। সবাইকে আন্তরিক সমবেদনা জানাই।’







