দীর্ঘদিন ধরে চেনাফর্মে নেই বিরাট কোহলি। গত তিন বছরে পাননি সেঞ্চুরির দেখা। ইংল্যান্ডের বিপক্ষে শেষ পাঁচ ম্যাচে রানের গড় ১৫.২। সবমিলিয়ে ব্যাট হাতে বিষণ্ণ একসময় পার করছেন ভারতের তারকা ব্যাটার। আত্মবিশ্বাস বাড়ানোর জন্য জিম্বাবুয়ে সফরে তাকে খেলানো হতে পারে বলে খবর। তাতে বিস্ময় স্কট স্টাইরিসের।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগস্টে জিম্বাবুয়ে যাবে ভারত। সফরে অপেক্ষাকৃত তরুণ দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন নির্বাচকরা। ভারতীয় গণমাধ্যমে প্রতিবেদন, দলে থাকছেন কোহলিও। সেই খবর পৌঁছে গেছে নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার স্কট স্টাইরিসের কাছেও। ৪৭ বর্ষী সাবেকের মতে, জিম্বাবুয়েতে খেলতে গিয়ে খুব একটা লাভ হবে না কোহলির।
‘আমার মনে হয় কোহলির জিম্বাবুয়ে যাওয়াটা ঠিক হবে না। ওর কয়েকদিন ক্রিকেট থেকে পুরোপুরি দূরে থাকা উচিত। বিরতি নিয়ে আবার ফিরবে। নির্বাচক ও কোচ রাহুল দ্রাবিড়ের ওর কাছ থেকে জেনে নেয়া উচিত, বিশ্বকাপের আগে প্রস্তুতির জন্য তার কতটা সময় লাগবে।’
‘আমি নির্বাচকের জায়গায় থাকলে জিম্বাবুয়ের ব্যাপারটা মাথায়ও আনতাম না। সেখানে তার খুব বেশিকিছু পাওয়ার সুযোগ নেই। হয়তো একটা সস্তা সেঞ্চুরি পেতে পারে, সেটা করে লাভ কী! এতে চিত্রপট খুব বেশি পরিবর্তন হবে না। এখনো মনে করি, সে-ই ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়।’
আগস্টের ১৮, ২০ এবং ২২ তারিখে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেগুলো খেলবে বাংলাদেশ। যা সুপার লিগের অংশ।







