জনপদ

রংপুরে পৌঁছেছেন ড. ইউনূস

ড. ইউনূস রংপুরে পৌঁছেছেন, স্থানীয়দের সঙ্গে সাক্ষাৎ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রংপুরে ড. ইউনূসের উপস্থিতি ও স্থানীয়দের সঙ্গে সাক্ষাৎ, একটি জনসমাগমের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত আবু সাঈদের স্বজনদের সঙ্গে দেখা করতে রংপুরে পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার (১০ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে পৌঁছান তিনি।

জানা গেছে, ‘অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূস সকালে একটি হেলিকপ্টারযোগে রংপুরে পৌঁছান। পরে তিনি আবু সাঈদের কবর জিয়ারত করে তার পরিবারের সঙ্গে কথা বলবেন।’

এর আগে গত বৃহস্পতিবার (৮ আগস্ট) বিমানবন্দরে আবু সাঈদের কথা স্মরণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন ড. মুহাম্মদ ইউনূস।

এ সময় তিনি বলেন, এই সময়ে আবু সাঈদের কথা মনে পড়ছে। যে আবু সাঈদের ছবি বাংলাদেশের প্রতিটি মানুষের মনে গেঁথে আছে। এটা কেউ ভুলতে পারবে না। কী অবিশ্বাস্য একটা সাহসী যুবক বন্দুকের সামনে দাঁড়িয়ে আছে এবং তারপর থেকে আর কোনো যুবক, কোনো যুবতী হার মানেনি। সামনে এগিয়ে গেছে এবং বলেছে যত গুলি মারো, মারতে পারো। আমরা আছি।

উল্লেখ্য, গত ১৬ জুলাই দুপুর আড়াইটার দিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু সাঈদ গুলিবিদ্ধ হয়ে নিহত হন।

নিহত আবু সাঈদ রংপুরের পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের বাবনপুরে গ্রামের মকবুল হোসেনের ছেলে। ৯ ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট।

বিষয়:আবু সাঈদ ড. মুহাম্মদ ইউনূস রংপুর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…