দেশের বিশাল যুবসমাজকে দক্ষ ও আত্মনির্ভরশীল করে তুলতে নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। যুবসমাজকে জাতীয় উন্নয়নের মূলধারায় যুক্ত করতে সাভারের জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে ‘নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মপরিকল্পনা প্রণয়ন’ শীর্ষক এক দিনব্যাপী বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেন, দক্ষ যুবসমাজ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর। এ ক্ষেত্রে সবার দায়িত্ব রয়েছে। তিনি সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ দায়িত্ব সততার সঙ্গে পালনের আহ্বান জানান।
কর্মশালায় অংশগ্রহণকারীদের দেওয়া গুরুত্বপূর্ণ সুপারিশ আগামী সাত দিনের মধ্যে লিখিত প্রস্তাব আকারে যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালকের কার্যালয়ে পাঠানোর নির্দেশ দেন প্রতিমন্ত্রী। কাজের অগ্রগতি পর্যালোচনার জন্য প্রতি চার মাস পরপর সভা আয়োজন করা হবে বলেও জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, যুগের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে যুবদের গড়ে তুলতে প্রশিক্ষণ ব্যবস্থাকে আধুনিকায়ন করা হচ্ছে। বর্তমানে ৮৩টি ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হলেও সময়ের সঙ্গে অনুপযোগী হয়ে পড়া ট্রেডগুলো বাদ দিয়ে নতুন প্রকল্প গ্রহণ করা হবে।
তিনি জানান, এর অংশ হিসেবে ফ্রিল্যান্সিং, মোবাইল সার্ভিসিং, কেয়ারগিভিং এবং থার্ড ল্যাঙ্গুয়েজ প্রশিক্ষণ কোর্স উপজেলা পর্যায় পর্যন্ত সম্প্রসারণের কাজ চলছে। পাশাপাশি প্রতিটি উপজেলায় আধুনিক ট্রেনিং সেন্টার গড়ে তোলার বিষয়টি মন্ত্রণালয় পর্যালোচনা করছে।
যুবদের স্বাবলম্বী করতে সরকারের দেওয়া ঋণের অপব্যবহার ও দুর্নীতির বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়ে প্রতিমন্ত্রী বলেন, দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান ‘জিরো টলারেন্স’। ঋণের অর্থ যেন কোনোভাবেই অনিয়মের মাধ্যমে ব্যবহার না হয়, তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের তাগিদ দেন তিনি।
তিনি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সময়মতো অফিসে আসা এবং কর্মক্ষেত্রে শৃঙ্খলাবোধ গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন।
প্রশিক্ষিত যুবদের সঠিক মূল্যায়ন ও কর্মসংস্থান নিশ্চিত করতে প্রশিক্ষণার্থীদের একটি কেন্দ্রীয় ডাটাবেজ তৈরির কাজ চলছে বলে কর্মশালায় জানানো হয়। একই সঙ্গে যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে পরিচালিত প্রতিটি কার্যক্রমের মাঠপর্যায়ে কঠোর মনিটরিং নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম। যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মো. মোতাহার হোসেনের সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও যুব উন্নয়নের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।








