শেখ হাসিনার ফেরার পথ খুঁজতে সীমান্তে আওয়ামী লীগের ৪ নেতা: ভারতীয় গণমাধ্যম

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পলাতক চার জ্যেষ্ঠ নেতা পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন বলে জানিয়েছে ভারতের কয়েকটি গণমাধ্যম। খবরে বলা হয়েছে, গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে ফেরার সম্ভাব্য পথ খতিয়ে দেখতেই তাদের এই সফর।
রোববার (২২ নভেম্বর) ভারতের কয়েকটি গণমাধ্যমে এ খবর প্রকাশিত হয়। প্রতিবেদন অনুযায়ী, আওয়ামী লীগের নেতারা কলকাতার নিউ টাউন এলাকা থেকে সকাল ৯টার দিকে রওনা দিয়ে দুপুর ২টার দিকে বেনাপোল সীমান্তের বিপরীত পাশে পেট্রাপোলে পৌঁছান। সেখানে ইমিগ্রেশন সেন্টারে প্রায় দুই ঘণ্টা অবস্থানের পর বিকেল পৌনে ৪টার দিকে কলকাতার উদ্দেশে রওনা হন তারা।
প্রতিনিধিদলে ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম এবং সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম।
প্রতিবেদনে বলা হয়, নেতারা একটি সাদা গাড়িতে করে ইমিগ্রেশন সেন্টারে প্রবেশ করেন। তবে তারা সেখানে কী করেছেন, সে বিষয়ে অভিবাসন দপ্তর, ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কিংবা পেট্রাপোল থানার পুলিশ কোনো মন্তব্য করেনি। স্থানীয় মানুষের প্রবেশের পথ ব্যবহার না করে তারা আলাদা পথে ইমিগ্রেশন সেন্টারে প্রবেশ ও বের হন বলে ঘটনাস্থলে থাকা সাংবাদিকেরা জানিয়েছেন।
তবে ভারতের অন্য কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আওয়ামী লীগের নেতারা পেট্রাপোল ও আগরতলা সীমান্ত এলাকা পরিদর্শনের পরিকল্পনা করছেন।
এদিকে আওয়ামী লীগ নেতাদের পেট্রাপোল সফরের সময় সেখানে বাংলাদেশে কারাবন্দী সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে একটি মিছিল ও সমাবেশ হয়। হিন্দু সুরক্ষা সমিতি নামে একটি হিন্দুত্ববাদী সংগঠন এর আয়োজন করে। মিছিলে নেতৃত্ব দেন বনগাঁ উত্তর ও দক্ষিণের বিজেপি নেতারা। উপস্থিত ছিলেন রাজ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া ও বিধায়ক স্বপন মজুমদার।
সমাবেশ শেষে স্বপন মজুমদার স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, কলকাতা থেকে যশোর রোড ধরে বনগাঁ ও পেট্রাপোল হয়ে শেখ হাসিনা বাংলাদেশে প্রবেশ করতে পারেন।
ভারতে অবস্থানরত কয়েকজন আওয়ামী লীগ নেতার দাবি, ডিসেম্বরের মাঝামাঝি বাংলাদেশে প্রবেশের চেষ্টা শুরু হতে পারে। শুধু শেখ হাসিনা নন, দলের আরও অনেক নেতা তার সঙ্গে দেশে ফেরার কথা ভাবছেন।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আওয়ামী লীগের নেতারা আগরতলা-আখাউড়া সীমান্তসহ ত্রিপুরার বিকল্প পথগুলোও ঘুরে দেখতে পারেন। আগামী মঙ্গলবার ত্রিপুরা সীমান্ত এবং পরদিন মহারাজা বীর বিক্রম বিমানবন্দর থেকে আখাউড়া সীমান্ত সংযোগকারী পথ পরিদর্শনের পরিকল্পনা রয়েছে তাদের।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারতে চলে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে তিনি দেশটিতে অবস্থান করছেন।





