হায়দরাবাদে মেটার কার্যালয়ে যুব কংগ্রেসের ভাঙচুর, সাত দিনের আল্টিমেটাম

ছবি: সংগৃহীত
ভারতের হায়দরাবাদে সামাজিক যোগাযোগমাধ্যম জায়ান্ট মেটার কার্যালয়ে ভাঙচুর চালিয়েছে তেলেঙ্গানা যুব কংগ্রেসের নেতাকর্মীরা। শুক্রবার (২০ নভেম্বর) সংগঠনের দুই নেতার অ্যাকাউন্টে বিধিনিষেধ আরোপের প্রতিবাদে এই বিক্ষোভ ও ভাঙচুর চালানো হয়। এ সময় তারা মেটা কর্তৃপক্ষকে সাত দিনের আল্টিমেটাম দিয়েছে।
এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ভারতীয় যুব কংগ্রেসের জাতীয় সভাপতি উদয় ভানু চিব এবং জাতীয় ইনচার্জ মনীশ শর্মার সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে বিধিনিষেধ আরোপ করে মেটা। এর প্রতিবাদে তেলেঙ্গানা যুব কংগ্রেসের সভাপতি জাক্কিদি শিবচরণ রেড্ডির নেতৃত্বে নেতাকর্মীরা হায়দরাবাদের গাছিবাউলি এলাকায় অবস্থিত মেটার কার্যালয়ে প্রবেশ করে ভাঙচুর করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বিক্ষোভকারীদের কার্যালয়ের করিডোর ও ক্যাফেটেরিয়ার সামনে ভাঙচুর চালাতে দেখা গেছে।
ঘটনার পর এক্সে দেওয়া এক পোস্টে ভারতীয় যুব কংগ্রেস আগামী সাত দিনের মধ্যে স্থগিত করা অ্যাকাউন্ট ও পোস্টগুলো পুনরুদ্ধারের দাবি জানিয়েছে। অন্যথায় আদালত, রাজপথ ও কার্যালয়ে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।
একই ইস্যুতে মুম্বাইয়ের বান্দ্রা-কুরলা কমপ্লেক্সে (বিকেসি) মেটার কার্যালয়ের সামনেও বিক্ষোভ করেছে মুম্বাই যুব কংগ্রেস। এ সময় তারা কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের পোস্টার পোড়ান এবং মেটার বিরুদ্ধে ক্ষমতাসীন বিজেপির পক্ষ নেওয়ার অভিযোগ তোলেন। এদিকে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবও মেটার সমালোচনা করে বিদেশি কোম্পানিগুলোকে ভারতে রাজনীতি না করে নিরপেক্ষভাবে ব্যবসা করার আহ্বান জানিয়েছেন।
অন্যদিকে এই ভাঙচুরের তীব্র নিন্দা জানিয়েছে বিজেপি ও ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস)। বিজেপির মুখপাত্র প্রদীপ ভান্ডারি কংগ্রেসকে ‘গুন্ডাদের দল’ আখ্যা দিয়ে বেসরকারি প্রতিষ্ঠানে হামলার সমালোচনা করেন। পাশাপাশি বিআরএস নেতা কে টি রামা রাও বলেন, এ ধরনের তাণ্ডব হায়দরাবাদের ব্যবসায়িক পরিবেশ ও আন্তর্জাতিক ভাবমূর্তিকে ক্ষুণ্ন করেছে।






