বরিশালে জাহাঙ্গীর কবির নানকের বাসায় ভাংচুর-অগ্নিসংযোগ

ছবি: সংগৃহীত
বরিশাল নগরীর বটতলা এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সদস্য ও সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের বাসভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোররাতে এ ঘটনা ঘটে। তবে এতে বাসভবনের বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। নিচতলায় থাকা নিরাপত্তাকর্মীর কক্ষটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, ভোর ৩টার দিকে একদল বিক্ষুব্ধ ব্যক্তি নানকের বাসভবন লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে বাসার জানালার কাচ ভেঙে যায়। একপর্যায়ে তারা নিচতলায় থাকা নিরাপত্তাকর্মীর কক্ষে আগুন ধরিয়ে দেন। এ ছাড়া বাসভবনের সামনে থাকা কয়েকটি সাইনবোর্ডেও আগুন দেওয়া হয়।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের হামলা এবং বিএনপির সংসদ সদস্যসহ নেতাদের বাসায় অগ্নিসংযোগের ঘটনার পর দেশের বিভিন্ন স্থানে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর ধারাবাহিকতায় বরিশাল, পটুয়াখালী ও পিরোজপুরসহ বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতাদের বাসভবনে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার সুশান্ত সরকার বলেন, নানকের বাসায় আগুন দেওয়ার একটি খবর তিনি শুনেছেন। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানতে পারেননি।






