ধর্ম অবমাননার অভিযোগে হাসপাতালে ঢুকে দ্বিতীয় দফা পিটুনি, নিহত যুবক

ছবি: সংগৃহীত
সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগে দফায় দফায় পিটুনিতে ওয়াহিদুজ্জামান শামীম (৩৮) নামে এক যুবক নিহত হয়েছে। পরিবারের দাবি, শামীম মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি অডিও কথোপকথনকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের মতে, শামীমের কয়েকটি অডিও কথোপকথন ফেসবুকে ছড়িয়ে পড়ে। সেসব কথোপকথনে ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে। এ নিয়ে এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়লে দুপুরে উপজেলার সখীপুর এলাকায় শামীমকে মারধর করেন কয়েকজন। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল সাড়ে চারটার দিকে শামীমকে মারধরের খবর পেয়ে উদ্ধার করে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় পুলিশ।
রাত ৮টা ৪০ মিনিটে শতাধিক ব্যক্তি হাসপাতালে এসে অন্য রোগীদের সামনে ওয়ার্ডের ভেতরে তাকে মারধর করেন। একপর্যায়ে তাকে টেনেহিঁচড়ে বাইরে নিয়ে আবার মারধর করা হয়। এতে অবস্থার অবনতি হলে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
শামীমের পরিবারের সদস্যরা বলছেন, কয়েক দিন ধরে শামীম অস্বাভাবিক আচরণ করছিলেন। তাদের ভাষ্য, শামীম মানসিকভাবে সুস্থ ছিলেন না। কয়েক দিন আগে তিনি বিষপান করে আত্মহত্যার চেষ্টাও করেছিলেন।
দেবহাটা থানার ওসি এইচএম শাহীন জানান, পুলিশ ঘটনাস্থল থেকে শামীমকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছিল। পরে হাসপাতালে তার ওপর হামলার ঘটনা ঘটে। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।






